রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

নুরের ‘ডেরায়’ আওয়ামী নেতারা; সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক বাংলা এডিশন

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৮:২২

শেয়ার

নুরের ‘ডেরায়’ আওয়ামী নেতারা; সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ
ছবি সংগৃহীত

২৪শের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। এরপর, আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে গেলেও তৃণমূলের অনেক নেতাকর্মী এলাকায় টিকে থাকতে এবং গা বাঁচাতে বেছে নিয়েছে দলবদলের পথ।

রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও গুঞ্জন রয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকারের এই অনুসারীদের পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছেন নুরুল হক নুর ও তার দল গণঅধিকার পরিষদ। অভিযোগ উঠেছে, দলীয় পদ-পদবি দিয়ে নিরাপদ আশ্রয় দেওয়ায় নুরুল হক নুরের শেল্টারে থেকেই নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নেতাকর্মীরা চলমান অস্থিরতায় বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো অরাজকতা সৃষ্টি করছে।

গলাচিপায় পদায়নের অভিযোগ

এই আলোচনায় নজরে আসে, নুরুল হক নুরের নিজ উপজেলা গলাচিপার অবস্থা। নিষিদ্ধ ঘোষিত সংগঠন গলাচিপা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন পঙ্কজ চন্দ্র। সোমবার (৫ আগস্ট) এর পর তার নতুন ঠিকানা হয়েছে গণঅধিকার পরিষদ।

একইভাবে, কার্যক্রম নিষিদ্ধ ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মামুন খানের সাথে এখন গণঅধিকার পরিষদের গভীর সম্পর্ক রয়েছে।

এরই ধারাবাহিকতায়, কার্যক্রম নিষিদ্ধ রতনদীতালতলী ইউনিয়ন আওয়ামী লীগের অনুমোদিত কার্যনির্বাহী কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মো. আতাউর রহমান ওরফে দুলাল মাস্টার হয়েছেন গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলাধীন রতনদীতালতলী ইউনিয়নের আহ্বায়ক কমিটির আহ্বায়ক। এখানেই থেমে নেই, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. জাকির হোসেন খানকেও পরবর্তীতে যুক্ত করা হয়েছে গণঅধিকার পরিষদের ৫নং বহরমুপুর ইউনিয়নের সদস্য সচিব হিসেবে।

অঙ্গসংগঠনেও পুনর্বাসনের গুঞ্জন

একদিকে, যেমন মূল দলে এমন পদায়ন চলছে, অন্যদিকে অঙ্গসংগঠনগুলোতেও বিগত স্বৈরাচার সরকারের দোসরদের পুনর্বাসনের গুঞ্জন রয়েছে। যেমন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বকুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. হাসিব খান পরবর্তীতে যুক্ত হয়েছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের বকুলবাড়ীয়া ইউনিয়ন এর সদস্য সচিব হিসেবে।

একই পথে হেঁটেছেন রণগোপালদী ইউনিয়ন যুবলীগের সাথে যুক্ত থাকা মাইদুল ইসলাম। ফ্যাসিস্টের সহযোগী এই সংগঠনের নেতা পরবর্তীতে গণঅধিকার পরিষদের ১নং রণগোপালদী ইউনিয়ন শাখার সভাপতি এবং দশমিনা উপজেলা শাখার সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন। তার পাশাপাশি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান কচিনের অন্যতম কর্মী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কর্মী রাব্বি হাওলাদারের নামও বর্তমানে রয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আওতাধীন গোলখালী ইউনিয়ন শাখার কমিটির দপ্তর সম্পাদক পদে।

অন্যদিকে, স্বৈরাচারের দোসর গলাচিপা পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল হোসেন, যার মোটরসাইকেলে নুরুল হক নুরকে ঘুরে বেড়াতে দেখা গেছে বলে আলোচনা রয়েছে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব হিসেবে। শুধু তা-ই নয়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে হামলা চালানোর অভিযোগ থাকা ফ্যাসিস্টের অনুসারী ও আমখোলা ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসানকেও জায়গা দিয়েছেন নুরুল হক নুর। জানা গেছে, তাকে দেওয়া হয়েছে গলাচিপা উপজেলার শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ।

একই চিত্র দেখা গেছে শ্রমিক লীগের ক্ষেত্রেও। বিগত স্বৈরাচার সরকারের অনুসারী ও শ্রমিক লীগের গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. ইব্রাহিম দফাদারও পরবর্তীতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদে। এখানেই শেষ নয়, দশমিনার রাজনীতিতেও দেখা গেছে একই চিত্র। স্বৈরাচারের দোসরখ্যাত দশমিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং কার্যক্রম নিষিদ্ধ দশমিনা উপজেলা আওয়ামী লীগের সদস্য তমিজ উদ্দিন তমানকে দেওয়া হয়েছে দশমিনা উপজেলার চরের ইউনিয়নের গণঅধিকার পরিষদের সভাপতির পদ।

একই উপজেলার বাশবাড়ীয়া যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন ফ্যাসিস্টের সহযোগী সংগঠনের নেতা শহিদুল ইসলাম। যিনি এখন একই উপজেলার যুব অধিকার পরিষদের সদস্য। পাশাপাশি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি করা রুবেল খাঁন বর্তমানে পরিচিত হয়েছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের ডাকুয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসেবে।

আর, বকুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি হিসেবে পরিচিত জহিরুল ইসলামের বিরুদ্ধেও পুরোনো ফেসবুক পোস্ট ও ছবির সূত্রে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

সাবেক এমপি শাহজাদার অনুসারীদের সক্রিয়তা

স্থানীয় রাজনৈতিক মহলে আরও গুঞ্জন রয়েছে, বিগত স্বৈরাচার সরকারের সাবেক আওয়ামী লীগের পটুয়াখালী-৩ আসনের এমপি এস এম শাহজাদার ঘনিষ্ঠ অনুসারীরাই এখন নুরুল হক নুরের ছত্রছায়ায় সক্রিয়। যার প্রমাণ মেলে মো. জাকির হোসেন মুন্সির অবস্থানে, সাবেক এমপি শাহজাদার এই কর্মী বর্তমানে গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। একই বলয়ের আরেকজন নাসির উদ্দিন হাওলাদার। ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি শাহজাদার এই অনুসারী বর্তমানে গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলার যুগ্ম আহ্বায়ক এবং নুরুল হক নুরের দলে থেকে এখনও শাহজাদারের সাথে ভালো ঘনিষ্ঠতা রয়েছে বলে আলোচনা রয়েছে।

এরপর, সামনে আসে নেসার হাওলাদারের প্রসঙ্গ। ফ্যাসিস্টের দোসর চরশিবা সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং স্বৈরাচার সরকারের সাবেক এমপি শাহজাদা ও সাবেক উপজেলা চেয়ারম্যান নিতুর অন্যতম রাজনৈতিক কর্মী ছিলেন তিনি। বর্তমানে নুরের কর্মী ও তার বর্তমান পরিচয় গণঅধিকার পরিষদের স্থানীয় সদস্য সচিব। একইভাবে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংসদ সদস্য শাহজাদার কর্মী তানভীর এখন পরিচিত হয়েছেন নুরুল হক নুরের কর্মী হিসেবে। আর তার সাথেই স্বৈরাচারের সহযোগী স্বেচ্ছাসেবক লীগ নেতা কাইয়ুম মাহমুদও এখন নুরের ছায়াতলে অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রচারণায় বকুলবাড়ীয়া ইউনিয়ন পরিচালনা কমিটির সদস্য মো. ইউসুফ মোল্লা এখন নুরের সাথে সখ্যতা গড়ে তুলেছে বলে আলোচনা রয়েছে। সেইসাথে, কার্যক্রম নিষিদ্ধ আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধাও নুরুল হক নুরের ছত্রছায়ায় চলছেন বলে অভিযোগ রয়েছে।

প্রকাশ্যে শুভেচ্ছা বিনিময়

শুধু পদায়ন বা ছত্রছায়াই নয়, প্রকাশ্যে শুভেচ্ছা বিনিময়েও দেখা গেছে আওয়ামী লীগ নেতাদের। ফ্যাসিস্টের দোসর চার বিশ্বাস ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত নেতা নেছার সরদারের সাথেও নুরুল হক নুরের সখ্যতা রয়েছে বলে আলোচনা চলছে। কার্যক্রম নিষিদ্ধ গলাচিপা উপজেলা আওয়ামী লীগের অনুমোদিত কার্যনির্বাহী কমিটির তালিকায় নাম থাকা জাফর প্যাদাকে নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগ নেতাদের নিয়ে নুরুল হক নুরকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে, আওয়ামী লীগাররা সক্রিয়ভাবে কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। আলোচনা রয়েছে, ওই সময় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের ভোটারদের সমর্থন নিজেদের দিকে টানতে নানা ধরনের নির্বাচনী কৌশলও গ্রহণ করা হয়েছিল।

একইভাবে, কার্যক্রম নিষিদ্ধ ১নং আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নোমানুর রহমান ওরফে নান্নুকেও পরবর্তীতে গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে শুভেচ্ছা বার্তায় দেখা গেছে।

পটুয়াখালীর বাইরেও একই চিত্র

পটুয়াখালীর গণ্ডি পেরিয়ে একই চিত্র দেখা গেছে কেন্দ্রীয় ও ঢাকার বাইরের রাজনীতিতেও। নারায়ণগঞ্জে ফ্যাসিস্টের দোসর ও হাসিনার সরকারের সময়কার মেয়র সেলিনা হায়াৎ আইভীর অন্যতম কর্মী ও আ. লীগের পক্ষে প্রচারণা ও অবস্থান নেওয়া মো. রাসেল সিকদার বর্তমানে নুরের দলের যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-গণমাধ্যম বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। তার পাশাপাশি, বিগত স্বৈরাচারের সহযোগী সংগঠন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের ফতুল্লা থানার সাথে যুক্ত থাকা ফেরদৌস আলম ভূঁইয়াও পরবর্তীতে ভিপি নুরুল হক নুরের গণঅধিকার পরিষদের সাথে যোগদান করেন।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতেও দেখা গেছে এমন সংযোগ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখার সহ-সভাপতি মাহমুদুল হাসান আবিদকেও এখন দেখা যায় নুরের আশেপাশে।

এখানেই শেষ নয়, স্বৈরাচার সরকারের মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের অত্যন্ত ঘনিষ্ঠ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কমিটির কৃষক লীগের নেতা ইকবাল হোসেন জমাদ্দারও এখন নুরের ছত্রছায়ায় চলাচল করছে বলে স্থানীয়দের অভিযোগ। স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান ও ডিবিসি নিউজ চ্যানেলের পরিচালক সালাউদ্দিন চৌধুরীর সাথেও এখন নুরের যোগসূত্রের মিল রয়েছে বলে আলোচনা উঠেছে বিভিন্ন মহলে। এমন আরও একাধিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগ নেতাকর্মী গণঅধিকার পরিষদের নুরের সাথে ইতিমধ্যে আঁতাত করেছে বলে অভিযোগ রয়েছে।

অনেকের মতে, গা বাঁচাতে বিগত স্বৈরাচারের এই নেতাকর্মীরা গণঅধিকার পরিষদে আশ্রয় নিলেও, দলটির শেল্টারে থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনুসারীরা বিভিন্ন স্থানে তাণ্ডব, হামলা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। যা দেশের জন্যও হুমকি বলে মনে করছে কেউ কেউ।

রাজনৈতিক সমীকরণ ও দলবদলের এই বাস্তবতায় অভিযোগের তীর এখন গণঅধিকার পরিষদের দিকে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের আশ্রয়ের পেছনে রয়েছে কোনো ভিন্ন উদ্দেশ্য আছে কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা।