রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরিবর্তে প্রত্যর্পণ ও আত্মসমর্পণই তাঁর পরিণতি।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পুনর্মিলনের আগে বিচারের মুখোমুখি হওয়ার শর্ত
পোস্টে মাহফুজ আলম জানান, গত ১৩ নভেম্বর লীগের সাইবার গ্রুপ তাঁর ফেসবুক আইডি টেকডাউন করেছিল। শুক্রবার কিছুক্ষণ আগে তিনি আইডিটি ফিরে পেয়েছেন। আইডি ফিরে পেতে সহায়তাকারীদের ধন্যবাদও জানান তিনি।
শেখ হাসিনার প্রসঙ্গ তুলে তিনি লেখেন, প্রত্যাবর্তন নয়, তাঁর পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। সন্ত্রাস ও খুনের রাজনীতির পরিবর্তে ১৭ বছর ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া পুনর্মিলনের আলোচনা সম্ভব নয়।
মাহফুজ আলম আরও লেখেন, সম্ভাব্য গৃহযুদ্ধ পরিস্থিতি এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট তিনি পুনর্মিলনের প্রস্তাব তুলেছিলেন। জুলাইয়ের সংগঠকদের মধ্যে তিনিই সম্ভবত প্রথম এ কথা বলেছিলেন। তবে তাঁর অভিযোগ, লীগের অস্থিমজ্জায় সন্ত্রাস রয়েছে এবং তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা কিংবা আত্মপর্যালোচনা নেই।
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বে ঐক্যের আহ্বান
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সাবেক এই সদস্য পোস্টে আরও বলেন, সন্ত্রাস ও খুনের রাজনীতি অব্যাহত থাকলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্যের ধ্বংস এবং জীবন ও সম্পদের ক্ষতির জন্য লীগ ও তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্র দায়ী থাকবে।
চলমান আন্তসীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন:







