শনিবার

২১ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

জুলাইয়ের পক্ষের দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ০৭:৩০

আপডেট: ২১ নভেম্বর, ২০২৬ ০৮:০৯

শেয়ার

জুলাইয়ের পক্ষের দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ
ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ও নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক ও অরাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দ্রুত সংলাপ আয়োজনের তাগিদ দিয়েছে বিরোধী দল ও জোটগুলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে তারা এ দাবি জানিয়েছে। ক্ষমতাসীন বিএনপি সংলাপে আগ্রহী হলেও এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। চলতি মাসের শেষদিকে এ সংলাপ হতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, পতিত আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখতে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো এক মঞ্চে দাঁড়াতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পতিত শক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

সংসদে বক্তব্য দেওয়ার আগে বুধবার সংসদ ভবনে নিজ কার্যালয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতাকে ফোন করে চা পানের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। পরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিট আলোচনা হয়। বৈঠকে তাঁরা দুজন ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।

জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার পাশাপাশি সর্বদলীয় মিছিল আয়োজনের বিষয়ে কথা বলেন। জবাবে বিরোধীদলীয় নেতা গণমিছিলের পরিবর্তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ঐক্য ধরে রাখা এবং ফ্যাসিবাদের মূলোৎপাটনের পরামর্শ দেন। তাঁর বক্তব্য মনোযোগ দিয়ে শুনলেও তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানাননি প্রধানমন্ত্রী।

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক আমার বাংলাদেশ (এবি) পার্টিও দ্রুত সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছে। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার রাজধানীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলায় জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে সংলাপের বিকল্প নেই।

দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তাঁর মতে, প্রয়োজনে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোকে আলোচনায় বসে দেশের স্বার্থে সংকটের সমাধান করতে হবে।

ঐক্যের ভিত্তি হিসেবে গণভোটের রায় বাস্তবায়নের দাবি

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে সাড়া দিলেও গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। জোটটি এসব বিষয়কে ঐক্যের ভিত্তি হিসেবে দেখছে। তবে তাদের শর্তের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জামায়াতের এক সংসদ সদস্য জানান, বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরোধীদলীয় নেতা বলেছেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ ও দেশের প্রয়োজনে সেই ঐক্য আরও সুদৃঢ় করা সম্ভব। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানের পরদিন বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠক করেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, সরকারপ্রধানের আহ্বানে বিরোধীদলীয় নেতা প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন। এখন সরকার গণভোটকে উপেক্ষা করার মনোভাব থেকে সরে আসবে বলে আশা করছে ১১ দলীয় ঐক্য।

তিনি বলেন, জুলাই বিপ্লবে রাজপথে গড়ে ওঠা ঐক্য বাংলাদেশের রক্ষাকবচ। সরকার ঐক্যের প্রয়োজন অনুভব করছে। তবে এই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদ, গণভোটের রায় এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যের আহ্বান নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো ঐক্যে এনসিপি অংশ নেবে। সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে দলটি। তবে ঐক্যের ভিত্তি কী হবে, জুলাই গণহত্যার বিচার কতদূর এগোবে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান কী এবং গণভোটে জনগণের দেওয়া সংস্কারের প্রস্তাবগুলো কীভাবে বাস্তবায়িত হবে, তা স্পষ্ট করতে হবে।

আখতার হোসেন আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য রয়েছে। রাজপথে সেই ঐক্যকে আরও সক্রিয় ও পুনর্বিন্যস্ত করতে হলে সরকারের পক্ষ থেকে এসব প্রশ্নের সমাধান প্রয়োজন।

পৃথক কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি, জামায়াত ও এনসিপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় ইতিমধ্যে মাঠে সক্রিয় রয়েছে ক্ষমতাসীন বিএনপি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে দলটি।

অন্যদিকে পৃথক কর্মসূচি নিয়ে আজ শনিবার রাজপথে নামছে জামায়াতে ইসলামী। এনসিপি আগামী সোমবার থেকে কর্মসূচি শুরু করবে। ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসও কর্মসূচি ঘোষণা করেছে। সংলাপের মাধ্যমে সরকার ও বিরোধী জোট একমঞ্চে আসার আগ পর্যন্ত দলগুলো পৃথকভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস উপলক্ষে বৃহস্পতিবার ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, আজ শনিবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সমাবেশ, মিছিল, আলোচনা সভা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে তারা।

কর্মসূচির অংশ হিসেবে আজ বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করবে দলটি। একই দাবিতে ২৫ নভেম্বর ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরে এবং ৩০ নভেম্বর দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিলের আয়োজন করা হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। তবে তাদের আন্দোলন হবে নিয়মতান্ত্রিক। কোনো সহিংসতার পথ উন্মুক্ত করতে চায় না দলটি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে এনসিপিও। আগামী সোমবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজধানীসহ দেশের সব জেলা ও মহানগরে ধারাবাহিক বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে দলটি। নিজস্ব কর্মসূচির পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের কর্মসূচিতেও অংশ নেবেন এনসিপির নেতা-কর্মীরা।