শনিবার

২১ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

ইউনূসের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা এনসিপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২২:১৪

শেয়ার

ইউনূসের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা এনসিপির
ছবি সংগৃহীত

শান্তিতে নোবেলজয়ী এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এ ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সন্ত্রাসবাদী তৎপরতার অংশ উল্লেখ করে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে।

আওয়ামী লীগের ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ বলে দাবি

এক বিবৃতিতে এনসিপি জানায়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী ধারাবাহিক সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অংশ। রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলার ধারাবাহিকতায় এবার অধ্যাপক ইউনূসের বাসভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি

বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি বলেছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ দেশের সব নাগরিকের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করতে হবে। হামলা ও অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের গোপন ও প্রকাশ্য নাশকতামূলক তৎপরতা কঠোরভাবে দমন করতে হবে।

বিবৃতিতে এনসিপি দেশের শান্তিপ্রিয় ও মুক্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসবাদ ও নৈরাজ্য প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করে। দেশবিরোধী অপতৎপরতা ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ড রুখে দিতে জনগণের প্রতি আহ্বানও জানায় দলটি।