শনিবার

২১ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

দেশ থেকে পালানোর পরও রক্ততৃষ্ণা বেড়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২০:৩৬

শেয়ার

দেশ থেকে পালানোর পরও রক্ততৃষ্ণা বেড়েছে: রিজভী
ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে তিনি মনে করেন। গণতন্ত্রের জন্য লড়াই করা মানুষদের রক্ত ঝরানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগের হামলায় নিহত কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্লা ও কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

বিচারের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না

রিজভী বলেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা ও রক্তের স্বাদ রয়েছে, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্ততৃষ্ণা আরও তীব্র হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে শিশু-কিশোরসহ শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্ত ঝরিয়েও তারা ক্ষান্ত হয়নি।

তিনি বলেন, ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরও প্রতিবেশী দেশ থেকে তাঁর অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কালিয়ার শাহীন মোল্লা ও সোহেল মোল্লাও সেই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

নিহতদের পরিবারের শোকের কথা উল্লেখ করে রিজভী বলেন, এই লাশ কোথায় রাখবেন এবং নিহতদের মা ও স্ত্রীর কাছে কী জবাব দেবেন, সেই বেদনা নিয়েই তাঁরা সেখানে গেছেন। তবে চেষ্টা করেও কেউ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেড়ে নিতে পারবে না। এসব হত্যাকাণ্ডের বিচার হবে এবং বিচারের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।

গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের কথা

রিজভী বলেন, বিএনপি গণতান্ত্রিক পরিবেশ, শান্তি, স্থিতিশীলতা ও মানুষের নাগরিক অধিকারের জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে লড়াই করেছে। সেই লক্ষ্য সামনে রেখেই তারেক রহমান দেশ পরিচালনা করছেন।

তিনি বলেন, দেশে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো স্ত্রী যেন স্বামীহারা না হন এবং কোনো বোন যেন ভাইহারা না হন, সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন তারেক রহমান।

শাহীনুর ও সোহেল হত্যাকাণ্ডকে অত্যন্ত কষ্টদায়ক ও হৃদয়বিদারক ঘটনা উল্লেখ করে রিজভী বলেন, তাঁরা গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন। তাঁদের মর্যাদা শহীদের। তিনি তাঁদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মাগফিরাত কামনা করেন।

মোটরসাইকেল মিছিলে হামলায় নিহত হন দুজন

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু এবং কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াদিউজ্জামান মিলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো মোটরসাইকেল মিছিল বের করে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেন্দারচর এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ করা হয়। এতে কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা ও কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন মোল্লা নিহত হন।

এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।