শনিবার

২১ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১৯:৫৬

শেয়ার

সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজন রিমান্ডে
ছবি সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনসহ তিনজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। দোলনের সাত দিন এবং সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. সেলিম রেজা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন।

পৃথক এলাকা থেকে গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাজধানীর পৃথক তিনটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সাবেক সংসদ সদস্য দোলনকে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে, সাবেক সচিব মিজানুর রহমানকে ধানমন্ডি থেকে এবং অভিনেতা তমালকে আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মিছিলের প্রস্তুতির অভিযোগে মামলা

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

রিমান্ড আবেদনে অর্থ ও অস্ত্র সরবরাহের অভিযোগ

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেপ্তার তিনজনের ওই ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলার পলাতক আসামিদের সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

আবেদনে আরও অভিযোগ করা হয়, আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতেন। বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়ার সঙ্গেও তারা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাদের গ্রেপ্তার, অর্থের উৎস শনাক্ত এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের জন্য গ্রেপ্তার তিনজনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

এসব কারণ দেখিয়ে প্রত্যেকের রিমান্ড চাওয়া হলে শুনানি শেষে আদালত দোলনের সাত দিন এবং অপর দুই আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।