গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে যখন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে ব্যস্ত সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী, ঠিক তখনই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সহকারী রাশেদ খানের একেবারে পাশ থেকে, আওয়ামী লীগের এক নেতাকে আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে জন্ম দিয়েছে নানা বিতর্ক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের কর্মসূচিতে রাশেদ খানের পাশ থেকেই কার্যক্রম নিষিদ্ধ দলের ওই নেতাকে আটক করে বিক্ষুব্ধ জনতা। অভিযোগ রয়েছে, আটক ব্যক্তি ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাশেদ খানের বক্তব্য
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাশেদ খানকে ঘিরে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। আর সেই আলোচনা-সমালোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজেকে ঘিরে ওঠা বিতর্কের জবাব দেন রাশেদ খান।
শ্রমিক লীগের ওই নেতার রাশেদ খানের পাশে থাকার বিষয়টি অস্বীকার করে তিনি দাবি করেন, জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গাড়িতে করে ফিরে যাওয়ার মুহূর্তে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তার সামনে শ্রমিক লীগের ওই নেতাকে নিয়ে আসে। এমনকি তিনিই ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন বলেও জানান রাশেদ খান।
এমনকি ঘটনাটি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর এই সহকারী। বিশেষ করে, রাশেদ খানের অনুষ্ঠানে তার পাশেই আওয়ামী লীগ নেতা আটক—এমন শিরোনামে প্রকাশিত সংবাদের সমালোচনা করেন তিনি।
ভিডিওতে উঠে এসেছে ভিন্ন চিত্র
রাশেদ খান তার পাশে আওয়ামী লীগ নেতার অবস্থানের বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেও, বাস্তবে সেদিনের ভিডিওতে উঠে আসে ভিন্ন চিত্র। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা শ্রমিক লীগের ওই নেতাকে তার কাছে নিয়ে এসেছেন বলে দাবি করা হয়। তবে ভিডিওতে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ দলটির ওই নেতা রাশেদ খানের একেবারে কাছে আগে থেকেই দাঁড়িয়ে ছিলেন।
অপরদিকে, কর্মসূচি শেষে গাড়িতে করে ফিরে যাওয়ার মুহূর্তে ওই আওয়ামী লীগ নেতাকে তার কাছে নিয়ে আসা হয় বলে দাবি করেন রাশেদ খান। কিন্তু ভিডিও চিত্রে স্পষ্ট ফুটে ওঠে ভিন্ন দৃশ্য। সেখানে রাশেদ খানকে কোনো গাড়ির পাশে দেখা যায় না। বরং জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি চলাকালীন অবস্থাতেই ঘটে ওই ঘটনা। এমনকি আটকের সময় পেছন থেকে কর্মসূচিতে ব্যবহৃত মাইকের আওয়াজও ভেসে আসে, যা ঘটনাটি কর্মসূচি চলার সময়েই ঘটেছে বলে দৃশ্যত ইঙ্গিত দেয়।
শুধু তাই নয়, ওই সময় বিক্ষুব্ধ জনতার অনেককেই, আকারে-ইঙ্গিতে রাশেদ খানের ওপরও চড়াও হতে দেখা যায় ভিডিওতে।
একদিকে রাশেদ খানের বক্তব্য, অন্যদিকে ঘটনাস্থলের ভিডিও চিত্র। এ দুটির মধ্যে দৃশ্যমান পার্থক্য সামনে আসায় তৈরি হয়েছে নতুন প্রশ্ন। সেই সঙ্গে প্রশ্নের তীর এখন প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত সহকারীর দিকেই। পর্দার আড়ালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনের কোনো চেষ্টা চলছে না তো? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে।
আরও পড়ুন:







