শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ২৩:৩০

শেয়ার

এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের গ্রামের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মোটরসাইকেলে এসে বোমা নিক্ষেপ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা মাহিন সরকারের বাড়ি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সময় বাড়িতে মাহিন সরকারের অসুস্থ বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন। তবে তিনি ঢাকায় অবস্থান করছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পেট্রোল বোমাটি বাড়ির দিকে নিক্ষেপ করা হলেও প্রবেশপথেই বিস্ফোরিত হয়। এতে ঘরবাড়ি বা কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফেসবুক পোস্টে হুমকির অভিযোগ মাহিনের

ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে মাহিন সরকার লেখেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তাঁর বাড়িতে আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

পোস্টে মাহিন আরও লেখেন, বাড়িতে তাঁর মুমূর্ষু বাবা ও মা অসহায় অবস্থায় থাকেন। তিনি এ ঘটনার ন্যায়বিচার প্রত্যাশা করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এ নাশকতার ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে।