শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৪:৩১

শেয়ার

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা নিহত

সিরাজগঞ্জের এনায়েতপুরে ছুরিকাঘাতে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। বুধবার রাতে গোপরেখী ফুটানি মার্কেট এলাকায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তাঁর ওপর হামলা হয়। বৃহস্পতিবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

নিহত আশরাফ আলী গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী বেপারীর ছেলে। তিনি দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।

পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত ১০টার দিকে গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানে পান খেতে যান আশরাফ আলী। এ সময় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে ২০ থেকে ৩০ জনের একটি দল সেখানে এসে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে মারধরের পর পাঁজরে ছুরিকাঘাত করে স্লোগান দিতে দিতে চলে যায়।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই মো. রেজাউল অভিযোগ করেন, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাঁর ভাইকে হত্যা করেছেন। তিনি দাবি করেন, রইজ ব্যাপারী, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার, আলামিন শিকদার ও হজরত আলীর নেতৃত্বে হামলা চালানো হয়। মৃত্যুর আগে তাঁর ভাই হামলায় জড়িত ব্যক্তিদের কয়েকজনের নাম বলে গেছেন বলেও দাবি করেন তিনি। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রেজাউল।

মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, আশরাফ আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।