বৃহস্পতিবার

১৯ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ০৮:৩৫

শেয়ার

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
ছবি সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নাহিদের বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত পাঁচটি হত্যা মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নিজ উপজেলা বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।

৫ আগস্টের সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে একটি এবং নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন বাদী হয়ে অপর মামলাটি করেন। দুটি মামলাই রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

এ ছাড়া গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জনসহ অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।

গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের বাসিন্দা মিনহাজ (২৩) হত্যার ঘটনায় তার বড় ভাই সাঈদ আলম বাদী হয়ে আরেকটি মামলা করেন। একই থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম পৃথক হত্যা মামলা দায়ের করেন। এ দুটি মামলাতেও নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।