বৃহস্পতিবার

১৯ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২২:৩৪

শেয়ার

জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা
ছবি সংগৃহীত

জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে আলোচনা হতে পারে, তবে সেটিকে জাতীয় সংলাপ বলা যাবে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সমর্থকদের আলোচনার বাইরে রাখার পক্ষে নন রুমিন

জাতীয় সংলাপে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার পক্ষে যুক্তি তুলে ধরে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা করলে তা যেকোনো কিছু হতে পারে, কিন্তু জাতীয় সংলাপ হবে না।

তিনি দাবি করেন, দেশে ৪০ শতাংশ মানুষ আওয়ামী লীগ করে। শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ও দলটির সমর্থন ২৫ শতাংশ ছিল বলে জরিপের তথ্য উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এত বিপুলসংখ্যক মানুষকে আলোচনার বাইরে রেখে কোনো সংলাপকে জাতীয় সংলাপ বলা যায় না।

আওয়ামী লীগকে আলোচনার টেবিলে আনার আগে দলটিকে অপরাধ স্বীকার ও অনুশোচনা করতে হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের আলোচনায় আনতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, এমন প্রশ্নে রুমিন বলেন, তারা ক্ষমা চাইবে কি না, তা তিনি জানেন না। তবে তিনি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতেন না। তাঁর ভাষায়, নিজের চেয়ে ভালো শাসন দিতে পারলে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসত।

আওয়ামী লীগ অপরাধ করেছে কি না, জানতে চাইলে তিনি অবশ্যই বলে মন্তব্য করেন। তাঁর মতে, যারা অপরাধ করেছে, তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগকে আলোচনায় এনে নিজেদের কর্মকাণ্ডের জন্য তারা লজ্জিত বা অনুতপ্ত কি না, তা জানতে হবে।

জানুয়ারির মধ্যে রাজনৈতিক পরিস্থিতি স্পষ্ট হতে পারে

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে রুমিন ফারহানা বলেন, রাজনীতিবিদদের এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি নিজে আগ্রহ নিয়ে রাজনীতি করেন উল্লেখ করে বলেন, সামনের পরিস্থিতি অত্যন্ত কুয়াশাচ্ছন্ন ও ঘোলাটে। অনেক কিছুই জানুয়ারির মধ্যে পরিষ্কার হবে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপট নিয়ে নিজের পড়াশোনার প্রসঙ্গ টেনে রুমিন বলেন, ধর্মীয় বিভাজনের মতো রাজনৈতিক মত ও পথের পার্থক্য থেকেও সমাজে বিভক্তি ও সহিংসতা তৈরি হচ্ছে।

তিনি বলেন, রাজনৈতিক মত ও পথের পার্থক্যের কারণে এখন সমাজে এক ধরনের হিংস্রতা দেখা যাচ্ছে। রাজনীতিবিদেরা একে অপরের সঙ্গে বসে চা খাওয়া তো দূরের কথা, পরস্পরের দিকে তাকানও না। এ পরিস্থিতি দেশকে ভালো কোনো দিকে নিয়ে যাবে না।