বুধবার

১৮ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আবারও দেশকে ‘মগের মুল্লুকে’ পরিণত করতে চায় আ. লীগ?

নিজস্ব প্রতিবেদক বাংলা এডিশন

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৫:৫০

শেয়ার

আবারও দেশকে ‘মগের মুল্লুকে’ পরিণত করতে চায় আ. লীগ?
ছবি সংগৃহীত

ইতিহাসের পাতা উল্টালে কিছু মুখের আসল মুখোশ ঠিকই খসে পড়ে। স্বৈরাচারী হাসিনার নেতৃত্বে বিগত প্রায় দেড় দশক চলা ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বাংলাদেশ দেখেছে এক নজিরবিহীন বিভীষিকাময় অধ্যায়। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে গোটা রাষ্ট্রকে এক আতঙ্কের উপত্যকায় পরিণত করা হয়েছিল।

মানবাধিকার সংগঠন ও বিভিন্ন পরিসংখ্যান ঘাঁটলে শিউরে উঠতে হয়, এই দীর্ঘ সময়ে রাজনৈতিক বিরোধীদের দমন করতে গিয়ে শত শত মানুষকে গুম করা হয়েছে, বিচারবহির্ভূত হত্যা ও ‘ক্রসফায়ারের’ শিকার হয়েছেন হাজার হাজার নাগরিক।

গায়েবি মামলা ও লগি-বৈঠার তাণ্ডব

বিএনপি-জামায়াতসহ বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে লাখ লাখ গায়েবি মামলা দিয়ে জেলখানাগুলোকে মানুষের কারাগারে নয়, বরং নরকে পরিণত করা হয়েছিল। শাপলা চত্বরের সেই কালরাত্রি থেকে শুরু করে রাজপথের যেকোনো প্রতিবাদ রক্তে ভেসে দিয়েছে আওয়ামী লীগের পেটোয়া বাহিনী। আর তাদের দীর্ঘদিনের সন্ত্রাসের সেই চিরচেনা ও ভয়ঙ্কর হাতিয়ার ছিল কুখ্যাত ‘লগি-বৈঠার তাণ্ডব’, যার মাধ্যমে অতীতেও মানুষকে পিটিয়ে হত্যার পৈশাচিক উৎসব করা হয়েছিল।

জুলাই-আগস্টে হেলমেট বাহিনীর ত্রাস

কিন্তু বাংলার মানুষ বেশি দিন এই দাসত্ব সহ্য করেনি। ২৪ শের ছাত্র-জনতার রক্তে ভেজা জুলাই-আগস্ট মাস, আরো একবার মনে করিয়ে দেয় আওয়ামী লীগের চরম বর্বরতার কথা। আবু সাঈদ, মুগ্ধ থেকে শুরু করে নাম না জানা শত শত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্ট সরকার টিকিয়ে রাখতে চেয়েছিল তাদের গদি।

বিশেষ করে জুলাই ও আগস্টের উত্তাল দিনগুলোতে ঢাকাসহ সারা দেশে আন্দোলন দমাতে সরাসরি মাঠে নেমে পড়েছিল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা।

তৎকালীন ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা, মন্ত্রী, সংসদ সদস্য ও ওয়ার্ড কাউন্সিলরদের সরাসরি হুকুম, অর্থ ও অস্ত্র সহায়তায় হেলমেট বাহিনী রাজপথে নেমে আসে। রাজধানীর ধানমন্ডি, জিগাতলা, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ও ক্ষমতার প্রভাবে নেয়া লাইসেন্সকৃত পিস্তল-শটগান থেকে গুলি চালানো হয়। পুলিশ প্রশাসনের পাশাপাশি দলীয় ক্যাডারদের ত্রাসের রাজত্ব এবং নির্বিচার গুলিতে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল।

কিন্তু জনতার সেই অপ্রতিরোধ্য সুনামিতে সোমবার (৫ আগস্ট) ভেসে গেছে স্বৈরাচারের লৌহকঠিন দুর্গ। পতন ঘটেছে দীর্ঘ দেড় দশকের পৈশাচিক ক্ষমতার। মানুষ ভেবেছিল, এই রক্তস্নাত বিপ্লবের পর অন্তত রাজনীতি থেকে ফ্যাসিবাদ চিরতরে বিদায় নেবে। কিন্তু, সন্ত্রাসী দলের সেই সন্ত্রাসবাদ কি সত্যিই শেষ হয়েছে?

অনুশোচনা নেই, আছে স্পর্ধা

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এত বড় একটি রক্তক্ষয়ী বিপ্লব ও হাজারও মানুষের প্রাণহানির পরও এই খুনি চক্রের ভেতর এতটুকু অনুতাপের বা অনুশোচনার লেশমাত্র দেখা যায়নি। জাতির কাছে কোনো ক্ষমা প্রার্থনা করেনি দলটি। উল্টো তাদের মুখে স্পর্ধা আর আস্ফালন দেখা যায় এখনো নিয়মিত।

আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, সমাজেরই কিছু তথাকথিত ‘সুশীল সমাজ’ ও বুদ্ধিজীবীরা এখন, সেই সন্ত্রাসী দলের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়ার পক্ষে সাফাই গেয়ে যাচ্ছেন। তাঁরা টকশোতে বসে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের ওকালতি করেন। কিন্তু, বরাবরই প্রশ্ন উঠেছে, এই দল বা তাদের দোসররা কি আসলেই কখনো বদলাতে চেয়েছে? মানবিক রাজনীতির পথ দেখিয়েছে?

২৪-এর পরেও একই হিংস্র রূপ

বরং, প্রতিনিয়ত দেখা যাচ্ছে, চব্বিশের পট পরিবর্তনের পরেও তারা সেই একই রকম হিংস্র ও উন্মত্ত রূপ প্রদর্শন করে চলেছে। রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আকস্মিক ককটেল বিস্ফোরণ ঘটানো, চলন্ত বাসে আগুন দেয়া, এবং হঠাৎ রাস্তা অবরোধ করে জনজীবনকে থমকে দেয়ার মাধ্যমে জানান দিচ্ছে যে, তারা সেই একই কায়দায় মগের মুল্লুকের মতো আবারো এদেশের মানুষকে রাজনৈতিকভাবে জিম্মি করতে চায়।

তারই ধারাবাহিকতায়, ২৪-এর পর থেকেই ঢাকার মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেটসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহনে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে ত্রাস সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিশেষভাবে গোপালগঞ্জ ও এর আশপাশের এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মীরা রামদা, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্য মিছিলে নেমে যেভাবে অরাজকতা সৃষ্টি করেছে, তা দেশের আইনশৃঙ্খলার জন্য এক বড় চ্যালেঞ্জ।

টুঙ্গিপাড়ায় পুলিশ কর্মকর্তার ওপর হামলা

এই হিংস্রতার মাত্রা কতটা ভয়াবহ হতে পারে, তার জ্বলন্ত প্রমাণ মিলেছে টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার বাদী ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মোসলেম আলীর ওপর চালানো পৈশাচিক হামলায়। দায়িত্ব পালন শেষে ফেরার পথে তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাঁকে মাথা ও শরীরে গুরুতর জখম করা হয়। এছাড়াও, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট করার মতো ঘটনা ঘটিয়েছে আ. লীগের নেতাকর্মীরা। অথচ, এই দলের নেতাকর্মীরাই বিভিন্ন সময়ে তুলেছে জুলাইয়ে পুলিশ হত্যার বিচার। এইসব ঘটনাই প্রমাণ করে, যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকেও তারা কতটা ভয় দেখাতে ও রক্তে ভাসাতে চায়।

শুধু পুলিশি গাড়ি নয়, গোপালগঞ্জে বিভিন্ন রাজনৈতিক কার্যালয়, বিএনপি নেতার বাসভবনে হামলা, লুটপাট এবং জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক পর্যন্ত ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে, যা তাদের ফ্যাসিবাদী মানসিকতারই ধারাবাহিকতা।

ফরিদপুরে বাসচালক ও কৃষক দল নেতাকে হত্যা

এছাড়া, গোপালগঞ্জের পাশের জেলা ফরিদপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুন দিয়ে, চালক মো. কালাচাঁদ শেখকে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। রবিবার (৯ নভেম্বর) গভীর রাতে ঘটে এই ঘটনা। একই জেলায়, কৃষক দলের নেতা রাজু মোল্লাকেও আগুনে পুড়িয়ে হত্যা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) হত্যার শিকার হওয়া রাজু মোল্লা, ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সব মিলিয়ে হিসাব মেলালে একটাই সত্য সামনে আসে, বিগত ১৭ বছর ধরে খুন, গুম ও দমনপীড়ন চালিয়েছিল এবং ২৪-এ এসে গণহত্যা ঘটিয়েছিল, তার জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের। উল্টো তারা ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ককটেল ফাটিয়ে, বাসে আগুন দিয়ে এবং পুলিশ কর্মকর্তার ওপর পর্যন্ত ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে নিজেদের হিংস্র ডিএনএ ঠিকই প্রমাণ করে চলেছে।

এই অবস্থায় প্রশ্ন থেকে যায়, যাদের রক্তে হিংস্রতা মিশে আছে, যারা প্রকাশ্য রাজপথে অস্ত্র উঁচিয়ে রক্তপাত ঘটাচ্ছে, তাদের পক্ষে কীভাবে এই তথাকথিত সুশীলরা পুনর্বাসনের সাফাই গায়? এটা কি শহীদদের রক্তের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা নয়? এমন প্রশ্ন তুলছে সচেতন মহল।

খুনিদের এই হিংস্রতাকে যদি এখনই শক্ত হাতে দমন করা না যায়, যদি সুশীলতার মুখোশ পরা কুশীলদের এই চক্রান্ত রুখে দেয়া না যায়, তবে রক্তে ভেজা এই বাংলার মাটি আবারও গভীর বিপদের মুখে পড়বে বলেই ধারণা বিশেষজ্ঞদের।