ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ ওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিদদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে জড়ো হন। তারা সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন, ককটেলের বিস্ফোরণ ঘটান এবং তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে রাজু মোল্লার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশ ও বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
তিনটি মোটরসাইকেলে আগুন দেয়ার পর থেকে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম বলেন, রাজু মোল্লা নামের এক ব্যক্তিকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তিনি মারা গেছেন।
আরও পড়ুন:







