মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ২ অগ্রহায়ণ, ১৪৩৩

গার্মেন্টস কোনো দলের নয় বরং জাতীয় শিল্প, একে বাঁচাতেই হবে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২০:৩৬

শেয়ার

গার্মেন্টস কোনো দলের নয় বরং জাতীয় শিল্প, একে বাঁচাতেই হবে: ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পকে কোনো দলের বিষয় নয়, বরং জাতীয় শিল্প হিসেবে উল্লেখ করে তা রক্ষার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে গার্মেন্টস খাতের চলমান অস্থিরতা নিয়ে দেয়া নোটিশটি জরুরি ভিত্তিতে আলোচনার দাবি জানিয়ে তিনি এ কথা বলেন।

সংসদে বক্তব্য রাখার সময় ডা. শফিকুর রহমান বলেন, দেশের গার্মেন্টস সেক্টরে কিছুদিন ধরে অস্থিরতা চলছে। এই খাতটি ক্ষতিগ্রস্ত হলে গোটা বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে বিরোধীদলীয় সদস্য নাজিবুর রহমান একটি নোটিশ দিয়েছিলেন।

আলাপ-আলোচনার ভিত্তিতে নোটিশটি গতকাল (রোববার) কর্মসূচিতে অন্তর্ভুক্ত থাকলেও অধিবেশন মুলতবি হওয়ায় এবং আজকের (সোমবার) কার্যতালিকায় তা না থাকায় উষ্মা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। অধিবেশন আর মাত্র দুই দিন চলবে উল্লেখ করে তিনি জানতে চান, এই সময়ের মধ্যে নোটিশটি আলোচনার সুযোগ পাবে কি না।

এর জবাবে স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সরকারি দলের চিফ হুইপ ও বিরোধীদলীয় সদস্যদের আলোচনার প্রেক্ষিতে বিষয়টি রবিবারের জন্য নির্ধারণ করা হয়েছিল। যেহেতু গতকাল স্পিকার অধিবেশন মুলতবি করেছেন, তাই এ বিষয়ে স্পিকারের সঙ্গে কথা বলে পরবর্তীতে জানানো যাবে। তবে আজকের কার্যতালিকায় না থাকায় আলোচনার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।

এরপর পুনরায় ফ্লোর নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে আমরা মনে করি এই নোটিশটা আলোচনা হওয়া দরকার। এটা কোনো দলের বিষয় নয়, এটা জাতীয় শিল্প—আমাদের বাঁচাতেই হবে। এখানে আমাদের সামগ্রিক দায়বদ্ধতা আছে। সরকারের দায়বদ্ধতা অবশ্যই বেশি, কিন্তু বিরোধী দল হিসেবে আমরাও দায়মুক্ত নই।

চলতি অধিবেশন থেকে কোনো অবস্থাতেই এই আলোচনা বাদ দেয়া উচিত নয় উল্লেখ করে জামায়াত আমির ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেয়া এই সেশনে অনেকগুলো নোটিশ, এ পর্যন্ত একটাও এন্ডোর্স (অনুমোদন) হয়নি। তাহলে আমরা এখানে বসে আছি কেন? আমরা তো জাতীয় স্বার্থে কথা বলার জন্য এখানে এসেছি, বসেছি।

অধিবেশনের শেষ দিনে আলোচনার সুযোগ থাকে না উল্লেখ করে আগামীকাল (মঙ্গলবার) যেকোনো মূল্যে গার্মেন্টস খাতের অস্থিরতা বিষয়ক নোটিশটি আলোচ্যসূচিতে রাখার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।