শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ২৯ কার্তিক, ১৪৩৩

জনভোগান্তির আশঙ্কায় ১১ দলের লংমার্চ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ২৩:০৩

শেয়ার

জনভোগান্তির আশঙ্কায় ১১ দলের লংমার্চ স্থগিত
ছবি সংগৃহীত

ঢাকা থেকে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সড়কের নাজুক পরিস্থিতির কারণে বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার ঘোষণা দেওয়া হলেও জনভোগান্তির আশঙ্কায় আপাতত সেই সিদ্ধান্ত থেকেও সরে এসেছে দলগুলো। তবে কর্মসূচি বাতিল করা হয়নি। নতুন তারিখও নির্ধারণ করা হয়নি।

রেলপথে কর্মসূচি নিয়ে পুনর্বিবেচনা

শুক্রবার (১৩ নভেম্বর) এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন জানান, ঢাকা থেকে ট্রেন রওনা হলে কয়েক হাজার মানুষের সমাগম হতে পারে। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে লংমার্চ সাময়িক স্থগিত করা হয়েছে। তবে কর্মসূচি একেবারে বাতিল করা হয়নি। শীর্ষ নেতারা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

১১ দলের একাধিক নেতা জানান, লংমার্চের সময় ট্রেনে সাধারণ যাত্রী পরিবহনও চালু থাকবে। একই সময়ে স্বাভাবিক যাত্রীসেবা বজায় রেখে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। এ কারণে রেলপথে লংমার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

চার বিভাগে লংমার্চের কর্মসূচি

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য। কর্মসূচির অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে দলগুলো।

তৃতীয় কর্মসূচি হিসেবে ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। এর সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়। চতুর্থ কর্মসূচি হিসেবে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ করার কথা ছিল।