মাঠের রাজনীতিতে মতবিরোধ আর কথার লড়াই যতই থাকুক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও উসকানির প্রশ্নে সব বিভেদ ভুলে এক কাতারে দাঁড়াতে দেখা যায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিকে। কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা এই রাজনৈতিক সংহতিকে নতুন করে সামনে এনেছে।
নুসরাত তাবাসসুমের বাড়িতে পরিকল্পিত হামলা
বুধবার (১১ নভেম্বর) রাতে নিজ বাড়িতে অগ্নিকাণ্ডের পর চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম সারির এই যোদ্ধা জানান, রাজনৈতিক কারণেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এই অগ্নিসংযোগ সম্পূর্ণভাবেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ বলে দাবি করেন। এছাড়া, কয়েকদিন ধরেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেয়া হচ্ছিল বলেও জানান তিনি। যার প্রেক্ষিতে নুসরাত সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি বা অভিযোগও দায়ের করেছেন।
বিরোধীদলীয় নেতাদের তীব্র নিন্দা
এদিকে, এই ঘটনাকে কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সাথে দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
অন্যদিকে, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগ, জুলাই বিপ্লবের নেতৃত্বকে লক্ষ্য করে পতিত শক্তি দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক বার্তায় তিনি বলেন, দিল্লির আশ্রয়ে থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে নাশকতা চালিয়ে, সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে নাহিদ ইসলাম সরকারী দলকে উদ্দেশ্য করে সতর্কবার্তা দিয়ে মন্তব্য করেন, তারা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি এবং ফ্যাসিবাদী শক্তির হাতে তাদের পরিবারও নিরাপদ থাকবে না।
অন্যান্য রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া
নুসরাত তাবাসসুমকে গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধা উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেন, ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনী অতীতে তাকে তুলে নিয়ে নির্যাতন চালালেও ভয়ভীতি উপেক্ষা করে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। এমন একজন সম্মুখসারির যোদ্ধা ও সংসদ সদস্যের বাড়িতে এই হামলা অত্যন্ত উদ্বেগজনক ও ন্যক্কারজনক।
একইভাবে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, এই হামলা গণতান্ত্রিক পরিবেশ ও নাগরিক নিরাপত্তার জন্য হুমকি। বিভেদ ভুলে জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ ও ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার প্রসঙ্গ টেনে এনসিপির সাবেক নেত্রী শামান্তা শারমিন ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তী সরকার, সরকারি দল ও প্রধান বিরোধীদল দায় এড়িয়েছে; জুলাইয়ের সমন্বয়ক হওয়ার কারণেই তাদের ওপর এই হামলা হচ্ছে।
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে জুলাইয়ের মতো সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, গত ১০ নভেম্বর শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলার পর এবার সংসদ সদস্য নুসরাতের বাড়িতে আগুন দেয়া হলো। বিদেশে পলাতক নেতাদের অর্থায়নে এসব অপকর্ম হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগ সবার কমন শত্রু।
পারস্পরিক কাদা ছোঁড়াছুড়ি বন্ধের আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে লেখেন, জুলাইয়ের সহযোদ্ধা নুসরাতের পাশে তারা পূর্ণশক্তি নিয়ে আছেন এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে।
সরকারের অবস্থান ও ঐক্যের বার্তা
ঘটনার প্রেক্ষিতে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে তিনি জানান, রাস্তা থেকে বাড়িটি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়া হয়েছে এবং জড়িত অগ্নিসন্ত্রাসীরা কোনো ছাড় পাবে না। অপশক্তি মোকাবিলায় গণঅভ্যুত্থানের শক্তিগুলোকেও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
অনলাইন অ্যাক্টিভিস্ট ও অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন সম্প্রতি, এক ভিডিও বার্তায় মন্তব্য করেন, আওয়ামী লীগবিরোধী ইস্যুতে ভিন্ন মতাদর্শের মানুষের এই ঐক্য দেশে নতুন রাজনৈতিক আবহ তৈরি করেছে।
মাঠে-ময়দানে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের যৌথ বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন ফ্যাসিবাদবিরোধী ঐক্যের সেই বার্তাই আবারও স্পষ্ট করেছে।
বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ মনে করছে, মতপার্থক্য সত্ত্বেও নাশকতার বিরুদ্ধে এই সম্মিলিত অবস্থান বর্তমান রাজনীতির এক নতুন সমীকরণ। বিশ্লেষকদের মতে, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর এই পারস্পরিক সংহতি ও সজাগ দৃষ্টিই যেকোনো অস্থিতিশীলতা রুখে দিতে বড় ভূমিকা রাখবে।
আরও পড়ুন:

.jpg)





