বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

হাসিনা ও আ.লীগের প্রত্যাবর্তন ঠেকাতে কাছাকাছি বিএনপি, জামায়াত ও এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১১:১২

শেয়ার

হাসিনা ও আ.লীগের প্রত্যাবর্তন ঠেকাতে কাছাকাছি বিএনপি, জামায়াত ও এনসিপি
ছবি সংগৃহীত

রাজনীতির নানা ইস্যুতে মতপার্থক্য থাকলেও শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর প্রশ্নে কাছাকাছি অবস্থানে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংবিধান সংশোধন, রাষ্ট্র সংস্কার, নির্বাচনব্যবস্থা ও ক্ষমতার ভারসাম্য নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছে তিন দল। তাদের নেতাদের মতে, বর্তমান রাজনৈতিক ও আইনি বাস্তবতায় শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ। তবে এ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা, ঝটিকা মিছিল, নাশকতা কিংবা সহিংসতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা।

ফিরে আসার ঘোষণা নিয়ে সংশয়

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতা ভারতে আশ্রয় নেন। দেশে থাকা দলটির নেতাকর্মীরা হামলা-মামলার মুখে পড়েন। কিছুদিন নীরব থাকার পর সম্প্রতি দলটির নেতাকর্মীদের আবারও সক্রিয় হওয়ার চেষ্টা দেখা যাচ্ছে। শেখ হাসিনা বিভিন্নভাবে কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান তুলে ধরছেন। এতে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরীর মতে, আওয়ামী লীগের দ্রুত রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা এখনো ক্ষীণ। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত কর্মী-সমর্থকদের চাঙ্গা রাখার কৌশল বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঝটিকা মিছিল ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটলেও তা আওয়ামী লীগের কার্যকর রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয় না।

দিলারা চৌধুরী বলেন, বর্তমান রাজনৈতিক ও আইনি বাস্তবতায় আওয়ামী লীগের মূলধারার রাজনীতিতে ফেরা সহজ হবে না। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় সাংগঠনিকভাবে ফিরে আসার সুযোগও সীমিত। বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরাও এ বিষয়ে ছাড় দেবেন না। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শেখ হাসিনার প্রশ্নে দলগুলোর অবস্থান অভিন্ন থাকবে বলে মনে করেন তিনি।

পরিস্থিতি খারাপ হলে রাজপথে নামার প্রস্তুতি

জামায়াতে ইসলামীর সংসদীয় সভায় গত মঙ্গলবার সিদ্ধান্ত হয়েছে, দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা রাজনৈতিকভাবে প্রতিরোধে নেতাকর্মীরা রাজপথে নামবেন। সরকারের পক্ষ থেকে ঐক্যের আহ্বান এলে এ উদ্যোগ নেওয়া হবে। পরিস্থিতির অবনতি হলে যেকোনো সময় রাজপথে নামার প্রস্তুতিও রয়েছে দলটির। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

দলগুলোর নেতারা বলছেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাস্তব উদ্যোগের চেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙা রাখা এবং রাজনৈতিক চাপ তৈরির কৌশল। এ ঘোষণাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারেন। বিশেষ পরিস্থিতি তৈরি করে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা বা সহিংসতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর অবস্থান নেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রীও পুনর্ব্যক্ত করেছেন।

বিএনপির অবস্থান

বিএনপি সূত্রে জানা গেছে, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ায় তাঁর বিচার হবে। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ শেখ হাসিনার প্রত্যাবর্তন মেনে নেবে না।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রতিরোধে এখনই অতিরিক্ত কোনো পদক্ষেপ নেওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। তবে পরিস্থিতি দাবি করলে দলমত-নির্বিশেষে তাঁকে প্রতিরোধ করা হবে।

জামায়াতের বক্তব্য

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক স্টান্টবাজি হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙা রাখা এবং দেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যেই এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনা ফিরতে চাইলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অন্যথায় জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জনগণের আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তা ব্যর্থ করতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কোনো সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে দলটির পুনরুত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।

এনসিপির অবস্থানও কঠোর

জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের প্রশ্নে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। দলটির নেতাদের মতে, নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে যে গণ-অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগের প্রত্যাবর্তন সেই লক্ষ্যকে বাধাগ্রস্ত করবে।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, শেখ হাসিনা আদৌ দেশে ফিরবেন না। এগুলো নেতাকর্মীদের চাঙা রাখার কৌশল। তবে তিনি দেশে ফিরলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এনসিপির সদস্য ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বার্থে আওয়ামী লীগের বিরুদ্ধে আনা গণহত্যাসহ সব অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি প্রয়োজন। দলটির বিচার হওয়া জরুরি। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্বাভাবিক করার কোনো সুযোগ নেই। প্রয়োজনে আবারও মাঠে নামবে ছাত্র-জনতা।

মতপার্থক্যের মধ্যেও অভিন্ন অবস্থান

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিচ্ছিন্ন মিছিল, ঝটিকা হামলা ও নাশকতার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব নয়। দলটিকে অতীতের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন পদ্ধতি, রাষ্ট্র সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন ও ক্ষমতার ভারসাম্য নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে মতপার্থক্য রয়েছে। বিভিন্ন সময় এসব বিষয়ে প্রকাশ্য বিতর্কও হয়েছে। তবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা মোকাবিলার প্রশ্নে তিন দলের অবস্থান কাছাকাছি।

ডিসেম্বরকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতি হলে দলগুলো সমন্বিতভাবে অথবা পৃথক কর্মসূচির মাধ্যমে রাজপথে সক্রিয় হতে পারে। এখনই আলাদা কোনো প্রতিরোধ কর্মসূচির পরিকল্পনা না থাকলেও প্রয়োজন হলে দলমত-নির্বিশেষে মাঠে নামার প্রস্তুতির কথা জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।