দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনায় উদ্বেগ বাড়ছে। এসব ঘটনার জন্য একে অপরের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলছে সরকার ও বিরোধী দল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি ঘিরে কয়েক দিন ধরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে নতুন করে সামনে এসেছে জাতীয় ঐক্যের প্রশ্ন। নাশকতা মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও রাজপথে সক্রিয় থাকার আলোচনা চলছে। সংসদেও সরকার ও বিরোধী দলের নেতারা ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলছেন। তবে পাল্টাপাল্টি অভিযোগ, রাজনৈতিক অবিশ্বাস ও মতপার্থক্যের মধ্যে সেই ঐকমত্য কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
গত কয়েক দিনে আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরের সামনে, থানার ফটক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বিস্ফোরণের ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে।
এসব ঘটনার জন্য নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করছেন সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও একই দাবি করা হচ্ছে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পরিপ্রেক্ষিতে সামনে এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
এ অবস্থায় সরকার শুধু প্রশাসনিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, নাকি রাজনৈতিকভাবেও নাশকতাকারীদের প্রতিহত করার উদ্যোগ নেবে, সেই প্রশ্ন সামনে এসেছে। বিশেষ করে সরকার ও বিরোধী দল অতীতে দীর্ঘদিন রাজনৈতিক মিত্র ছিল এবং উভয় পক্ষই জুলাই আন্দোলনের অংশীদার হওয়ায় তারা রাজপথে একসঙ্গে সক্রিয় হবে কি না, তা নিয়েও আলোচনা চলছে।
সম্প্রতি ঢাকার বাইরে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পরিষ্কার তথ্য আছে, বর্তমান বিরোধী দলের সঙ্গে সীমান্তের ওপারে থাকা ফ্যাসিস্টের যোগাযোগ রয়েছে।
অন্যদিকে বিরোধী দলের অভিযোগ, সরকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেও সম্প্রতি আওয়ামী লীগ প্রশ্নে দুই পক্ষের বক্তব্যে কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের হাইকমান্ড কিছুটা উদ্বিগ্ন। সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও মাঠে সক্রিয় থাকার নির্দেশনা আসতে পারে। প্রয়োজনে বিরোধী দলকেও এ বিষয়ে আহ্বান জানানো হতে পারে।
অন্যদিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংসদে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বলেছেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাঁরা দায়িত্ব পালন করতে চান। জাতীয় সংকটে অতীতেও সব পক্ষকে একসঙ্গে নিয়ে কাজ করার নজির রয়েছে। সরকারের বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে তা জানানোর আহ্বানও জানিয়েছেন তিনি।
কার সঙ্গে কার আঁতাতের অভিযোগ
তিন দশকের বেশি সময় বিএনপি ও জামায়াত একসঙ্গে রাজনৈতিক জোটে ছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনায়ও দুই দল অংশীদার ছিল। আবার ১৯৯৬ সালের শেষ দিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছিল আওয়ামী লীগ ও জামায়াত। ওই আন্দোলনে তারা কিছুটা সফলও হয়েছিল। পরবর্তী দেড় দশকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি ও জামায়াত একসঙ্গে রাজপথে আন্দোলন করেছে।
২০২৪ সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগবিহীন রাজনৈতিক ময়দানে বিএনপি ও জামায়াত ভিন্ন পথ অবলম্বন করে। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করে বিএনপি। অর্ধশতাধিক আসন নিয়ে প্রধান বিরোধী দলের অবস্থানে আসে জামায়াত।
বিভিন্ন ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও দুই পক্ষই আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানের কথা বলছে। তবে গত ২০ অক্টোবর রাজশাহীতে এক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে দুই পক্ষ এক হয়েছে। একজন সীমান্তের ওপার থেকে টাকা দিচ্ছে, আরেকজন দেশে বসে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সরকারপ্রধানের বক্তব্য প্রত্যাখ্যান করে পরদিন পাল্টা বিবৃতি দেয় প্রধান বিরোধী দল জামায়াত। দলটির অভিযোগ, সরকার পতিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের শীর্ষ নেতাদের বক্তব্যেও পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টি উঠে আসে। এদিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বক্তব্যে তিনি বিরোধীদলীয় নেতার অতীতের কয়েকটি বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন।
জবাবে ফ্লোর নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দেওয়া হচ্ছে, এ কথার সঙ্গে তিনি একমত। তবে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়ার কথাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান।
জামায়াতকে ইঙ্গিত করা হলে স্পষ্টভাবে জানাতে চান উল্লেখ করে তিনি বলেন, কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস তাঁদের নেই। তাঁরা একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে বসবেন, কিন্তু কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার প্রশ্নই ওঠে না।
ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, যারা তাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করছেন, তাঁদেরই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস রয়েছে। অতীতে একটি গোয়েন্দা সংস্থার দেশে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে দুঃখ প্রকাশ এবং দলের অতীত নীতিকে ভুল বলে স্বীকার করার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে তিনি বলেন, মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে।
দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে ভবিষ্যৎ রাজনীতিতে কে কার মিত্র হতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ এ বিষয়ে দুটি সম্ভাবনার কথা বলেছেন।
তিনি বলেন, ক্ষমতাসীন বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াত দীর্ঘদিন একসঙ্গে রাজনৈতিক জোটে ছিল। এখন দুই পক্ষই আওয়ামী লীগের বিপক্ষ শক্তি। নিজেদের অবস্থান ঠিক রাখতে তাদের মধ্যে অঘোষিত ঐক্যও হতে পারে। আবার অতীতে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের একধরনের সখ্য ছিল। সেই সমীকরণ থেকে তারা ভিন্ন কোনো অবস্থান নেয় কি না, সেটিও উড়িয়ে দেওয়া যায় না। তবে এ বিষয়ে চূড়ান্ত কিছু বলতে আরও পর্যবেক্ষণ প্রয়োজন।
বিরোধী দলকে পাশে চাইবে কি সরকার
চলমান পরিস্থিতি এবং আগামী দিনের সম্ভাব্য সংকট মোকাবিলায় জুলাই আন্দোলনের পক্ষের শক্তি হিসেবে বিরোধী দলকে পাশে চাইবে কি না, এ প্রশ্নে বিএনপির নেতাদের বক্তব্যে ভিন্নতা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সাংগঠনিক সম্পাদক বলেন, বর্তমান বিরোধী দল একটি বিশেষ প্রেক্ষাপটে এ অবস্থানে এসেছে। একটি বড় দলের অনুপস্থিতিতে তারা কিছু ভোট পেয়েছে। বিএনপির সঙ্গে তাদের আদর্শগত মিল নেই। অতীতে রাজনৈতিক জোটে থাকলেও সংসদের বিরোধী দলে যাওয়ার পর তাদের মধ্যে আত্মগরিমা তৈরি হয়েছে। তারা অগণতান্ত্রিক শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের সঙ্গে রাজনৈতিক ঐক্য হবে কি না, তা বলা কঠিন।
তবে ভিন্ন অবস্থান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, রাজপথে নাশকতা নিয়ন্ত্রণের দায়িত্ব প্রশাসনের। তবে গণহত্যাকারীদের যেকোনো অপতৎপরতা মোকাবিলায় রাজনৈতিক প্রতিরোধও জরুরি। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে প্রয়োজনে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে।
বিরোধী দলকে পাশে চাওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, তাদের বলতে হবে কেন? তারাও তো জুলাইয়ের শক্তি। অপশক্তি মোকাবিলায় তাদেরও দায়িত্ব রয়েছে।
সরকারের আহ্বানে সাড়া দেবে কি বিরোধী দল
সাম্প্রতিক নাশকতার ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল। তাদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীরও সমালোচনা করেছেন বিরোধী দলের নেতারা।
গত ১০ নভেম্বর জাতীয় সংসদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশে কয়েক দিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হচ্ছে। এ বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।
নাশকতা দমনে একসঙ্গে রাজপথে সক্রিয় থাকার জন্য সরকার আহ্বান জানালে বিরোধী দল সাড়া দেবে কি না, জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, সরকারপ্রধান বিরোধী দলের সঙ্গে পতিত আওয়ামী লীগের আঁতাত রয়েছে বলে অভিযোগ করছেন। কীসের ভিত্তিতে তিনি এ ধরনের কথা বলছেন, তার ব্যাখ্যা এখনো দেননি। তারপরও দেশের প্রয়োজনে বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে পারে। তবে এ জন্য সরকারপ্রধানকে সংসদে ঘোষণা দিয়ে বিরোধী দলকে আহ্বান জানাতে হবে।
একই কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, নাশকতা নিয়ন্ত্রণের দায়িত্ব প্রশাসনের। সরকার নিজেদের ব্যর্থতা স্বীকার না করে বিরোধী দলের ওপর দায় চাপাতে চায়। অথচ দেশের প্রয়োজনে অতীতেও তাঁরা সরকারকে সহযোগিতা করেছেন। তারপরও সরকার যদি রাজপথে পাশে থাকার জন্য আনুষ্ঠানিক আহ্বান জানায়, তাহলে তাঁরা বিষয়টি বিবেচনা করবেন।
সংসদে জাতীয় ঐক্যের আহ্বান সরকার ও বিরোধী দলের
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাঁরা দায়িত্ব পালন করতে চান। জাতীয় সংকটে অতীতেও সব পক্ষকে একসঙ্গে নিয়ে কাজ করার নজির রয়েছে। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সরকার না হলেও জাতীয় সংকটের সময় সবাইকে আমন্ত্রণ জানিয়ে সম্পৃক্ত করেছিল। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
সরকারের কাছে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে তা জানানোর আহ্বান জানান তিনি। ডা. শফিকুর রহমান বলেন, তাঁদের সন্তানদের রক্ত এখনো তাজা। সেই রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে ফ্যাসিবাদকে আর ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটলেও গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বিরোধী দলের একজন সংসদ সদস্যকে ফোন করে জামায়াত ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগও করেন তিনি। ওই ফোন নম্বর যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের নির্দেশ দেওয়ার এখতিয়ার কোনো গোয়েন্দা সদস্যের আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান।
বুধবার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, বর্তমান পরিস্থিতিতেও সেই ঐক্য প্রয়োজন। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে সমূলে উৎপাটন এবং তাদের যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে হবে।
দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার স্বার্থে এ ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। সরকারি দল, বিরোধী দল এবং সংসদের বাইরের রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রীর এ আহ্বানকে স্বাগত জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে সেই শক্তিকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে শুধু বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিরোধীদলীয় নেতার বক্তব্যে কিছু অম্লমধুর কথা থাকলেও জাতীয় ঐক্যের বিষয়ে তাঁর বক্তব্য গুরুত্বপূর্ণ। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা-সমালোচনা থাকবে। গণতান্ত্রিক সংসদে মতপার্থক্য ও বিতর্ক স্বাভাবিক। তবে এসব আলোচনা ও বিতর্ক সংসদের ভেতরেই সীমাবদ্ধ থাকবে এবং সংসদীয় রীতি ও ঐতিহ্য মেনেই তা পরিচালিত হবে।
সংসদে সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতাদের বক্তব্যে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা উঠে এলেও রাজপথে সেই ঐক্য কতটা কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়। নাশকতা মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে সহযোগিতার আগ্রহ জানানো হয়েছে। তবে তারা আনুষ্ঠানিক আহ্বান চায়। অন্যদিকে বিএনপির নেতাদের বক্তব্যেও এ বিষয়ে একমত অবস্থান নেই। ফলে সংসদে ঐক্যের কথা উঠলেও বাস্তবে সরকার ও বিরোধী দল কতটা কাছাকাছি আসতে পারে, তা নির্ভর করছে পারস্পরিক আস্থা, আনুষ্ঠানিক উদ্যোগ ও রাজনৈতিক সদিচ্ছার ওপর।
আরও পড়ুন:







