মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

রামেকের নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-শিবির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২১:১২

শেয়ার

রামেকের নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-শিবির
ছবি সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত শাখার সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়।

সকাল ১০টার দিকে শুভ ও নাহিদ রামেক হাসপাতালে গেলে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাঁদের ঘিরে ধরেন। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা, গোয়েন্দা শাখা (ডিবি), ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও এসআরবির সদস্যরা হাসপাতালে পৌঁছান।

হাসপাতাল থেকে বের করার সময় মারধর

দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল পরিচালকের কক্ষ থেকে শুভ ও নাহিদকে বের করে আনা হয়। এ সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাঁদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরে তাঁদের মারধর শুরু করেন। শুভকে একটি মাইক্রোবাসে তুলতে সক্ষম হলেও নাহিদ মাটিতে পড়ে যান। এরপর তাঁকে কিল-ঘুষি ও লাথি মারেন নেতা-কর্মীরা। একপর্যায়ে সিআরটি সদস্যরা তাঁকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে তুলে নেন।

শুভ রামেকের ৫৯তম এবং নাহিদ ৬০তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী। পঞ্চম বর্ষ শেষ করে তাঁরা হাসপাতালে ইন্টার্নশিপ শুরু করেছিলেন। তবে ২০২৪ সালের ৬ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করে। স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় তাঁরা আবার ইন্টার্নশিপ শুরু করার চেষ্টা করছিলেন।

আবেদন ছাড়াই পরিচালকের সঙ্গে সাক্ষাতের চেষ্টা

হাসপাতালে উপস্থিত শিক্ষার্থীদের ভাষ্য, কয়েক দিন ধরে শুভ ও নাহিদ হাসপাতালের উপপরিচালক হাসানুল হাসিবের কার্যালয়ে আসছিলেন। মঙ্গলবার তাঁদের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়। এ জন্য তাঁরা পরিচালকের কার্যালয়ের পাশের অপেক্ষাকক্ষে বসেছিলেন। এর মধ্যেই ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সেখানে গিয়ে তাঁদের মারধর করেন। পরে তাঁদের পরিচালকের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেয়া হয়।

রামেক ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন, তা তদন্ত করা প্রয়োজন। যাঁরা তাঁদের হাসপাতালে আসতে সহযোগিতা করেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া উচিত।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের মেয়াদ শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী পুনরায় আবেদন করতে হয়। একাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে ইন্টার্নশিপ শুরু করা যায়। তবে শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন।

আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, তাঁদের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ ছিল। হাসপাতাল থেকে তাঁদের আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।