চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাকের পার্টির সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া জেলা শহর থেকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে আলমডাঙ্গার ভাংবাড়ীয়া বাজার এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকান থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা শেষে ছাত্রলীগের সাবেক নেতা রাশেদ নাহিম জ্যামিকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং সাবেক ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলু (৫৫), ভাংবাড়ীয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আসমত উল্লাহ (৪০), আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম (৪২), আমারত আলী (৩৭), মিনারুল ইসলাম (৫০), লালু (৪৫) ও আজিজুল হক (৬৪)। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রাশেদ নাহিম জ্যামি (৩৯)।
আলমডাঙ্গা থানার কর্তব্যরত উপপরিদর্শক কুশল বলেন, অভিযোগ পাওয়া যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাকের পার্টির নেতাকর্মীরা ভাংবাড়ীয়া এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকানে বসে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পর মঙ্গলবার বিকেলে তাদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
চিকিৎসা শেষে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে কয়েকজনের মারধরে আহত হন জ্যামি। পরে স্বজনেরা তাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, জ্যামি নাশকতার মামলার আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন:







