মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে বিরোধীদলীয় এমপিদের বৈঠক অনুষ্ঠিত রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির দুই হাজার ৩০২ মামলা ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে! আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ নাহিদ ইসলামের গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় হতে দেব না: হাসনাত আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ; অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক হোসেন

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে তদবিরের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

জান্নাতুল বাকী, শেরপুর প্রতিনিধি:

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২০:০৫

শেয়ার

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে তদবিরের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ
ছবি সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে নাশকতার অভিযোগে আটক এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা বিএনপি। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিতভাবে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে।

সাত দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ

সোমবার (৯ নভেম্বর) রাতে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্য সচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নোটিশ দেয়া হয়।

নোটিশে বলা হয়, গত ৫ নভেম্বর ঝিনাইগাতী থানা-পুলিশ নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে ধানশাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেন নিজের পদ-পদবির প্রভাব খাটিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

এ ধরনের কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী বলেও নোটিশে উল্লেখ করা হয়।

অভিযোগ অস্বীকার গোলাপ হোসেনের

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মো. গোলাপ হোসেন। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কোনো আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনেননি কিংবা এ বিষয়ে কোনো তদবিরও করেননি। নির্ধারিত সময়ের মধ্যেই নোটিশের লিখিত ও স্পষ্ট জবাব দলের ঊর্ধ্বতন ফোরামে জমা দেবেন।

সন্তোষজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিএনপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো আওয়ামী লীগ নেতা বা নাশকতার মামলার আসামিকে অবৈধ সুবিধা দেয়ার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোলাপ হোসেনকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এসএম নূর মোহাম্মদ বলেন, পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেয়। থানায় প্রভাব খাটিয়ে কোনো আসামিকে ছেড়ে দেয়ার সুযোগ নেই।

তবে ওই দিন একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইউপি সদস্য আলমকে থানায় আনা হয়েছিল বলে জানান ওসি। পরবর্তীতে পরোয়ানায় উল্লেখিত নাম ও ঠিকানার সঙ্গে তার নাম-ঠিকানার মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেয়া হয়।