আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। ঢাকা উত্তরে মাওলানা মুর্শিদ আলম সিদ্দিকী এবং দক্ষিণে হাফেজ মাওলানা মাহবুবুল হককে মনোনয়ন দিয়েছে দলটি।
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
উত্তরে মুর্শিদ, দক্ষিণে মাহবুবুল হক
ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা মুর্শিদ আলম সিদ্দিকী।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দলটির প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা মাহবুবুল হক। তিনি মরহুম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর সন্তান।
সব স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুরোদমে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। দেশের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, পৌরসভার মেয়র এবং সিটি করপোরেশনগুলোতে দলীয় প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া চলছে।
ইতোমধ্যে বিভিন্ন এলাকায় প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেয়া হয়েছে। এর ধারাবাহিকতায় রাজধানীর দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।
সংবাদ সম্মেলনে দলটির নেতারা আশা প্রকাশ করেন, স্থানীয় সরকার পর্যায়ে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন:







