রবিবার

৮ নভেম্বর, ২০২৬ ২৪ কার্তিক, ১৪৩৩

ডিসেম্বরে দেশে ফিরলে আপার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬ ২০:৪৭

আপডেট: ৭ নভেম্বর, ২০২৬ ২১:০৪

শেয়ার

ডিসেম্বরে দেশে ফিরলে আপার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোনো ডিসেম্বরেই আপার দেশে আসার সুযোগ নেই। এলেও তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত নবীনবরণ ও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা এখনো ঘুমিয়ে পড়েনি, বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে পড়েনি। এর প্রমাণ দিতে হবে। শুধু নোয়াখালী বিভাগ চাই বলে আন্দোলন করলে চলবে না। পুরো দেশ ও বিশ্ব নিয়ে ভাবতে হবে। এটাই বিশ্ববিদ্যালয়ের কাজ।

আগামী ডিসেম্বর মাসে কারও দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগামী ডিসেম্বরে নাকি কেউ দেশে আসতে চাচ্ছেন। এ বিষয়ে সবাই জানেন কি না এবং প্রতিরোধের জন্য প্রস্তুত আছেন কি না, সেই প্রশ্ন তোলেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের সময় যেভাবে প্রস্তুতি ছিল, এবারও তেমন প্রস্তুতি আছে কি না, তা জানতে চান নাহিদ। এবার প্রতিরোধ আগের চেয়ে বেশি হবে, নাকি কম হবে, সেই প্রশ্নও রাখেন তিনি।

বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ

বিচার না পাওয়ার ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, আগেরবার তারা অনেক উদারতা দেখিয়েছেন এবং ক্ষমা করে দিয়েছিলেন। ওসমান হাদীর ভাষায় শত্রুর প্রতিও ইনসাফ ও ন্যায়বিচার করার কথা বলেছিলেন। কিন্তু গত দুই বছরে কোনো বিচার পাননি। ওসমান হাদী হত্যার বিচার হয়নি, জুলাইয়ের শহীদ ভাই-বোনদের হত্যারও বিচার হয়নি।

তিনি বলেন, জনগণ যখন ন্যায়বিচার পায় না, তখন তারা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে।

নাহিদ ইসলাম আরও বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। ১৯৭১ সালে তারা বিজয় লাভ করেছেন, ২০২৪ সালেও বিজয় পেয়েছেন এবং ২০২৬ সালেও বিজয়ী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। আগামীর প্রতিটি ডিসেম্বরেই ছাত্র-জনতা বিজয়ী হবে বলেও মন্তব্য করেন তিনি।