শনিবার

৭ নভেম্বর, ২০২৬ ২৩ কার্তিক, ১৪৩৩

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫

‎জান্নাতুল বাকী শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬ ১১:০৪

শেয়ার

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫
ছবি সংগৃহীত

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শেরপুর-গাজীরখামার-নালিতাবাড়ী সড়কসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীরখামার উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মুজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান, বাচ্চু মিয়ার ছেলে রকিবুল ইসলাম, ফকির মাহমুদের ছেলে আব্দুর রহমান এবং সাইফুল ইসলামের ছেলে সাগর।

‎পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে গাজীরখামার এলাকায় একদল ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় শেরপুর সদর থানার নিয়মিত টহল দলের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেন। তাঁরা সবাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

‎শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম প্রতিরোধে গাজীরখামার এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর তাঁদের আটক করে থানায় নেওয়া হয়। পরে খোঁজ নিয়ে তাঁদের রাজনৈতিক পরিচয় জানা যায়।

‎ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

‎

‎