পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী পরিচয় কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে যোগ দিয়েছেন রনির দ্বিতীয় স্ত্রী ফারজানা আফরোজ এমন তথ্য সামনে এসেছে।
এনসিপিতে ফারজানার যোগদান
এনসিপির মিডিয়া উইং সূত্রের খবর দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদে আসছেন ফারজানা। পেশায় রাজনীতি চর্চাকারী ফারজানা চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।
রনির অস্বীকৃতি ও বিতর্ক
তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই তৈরি হয় নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ফারজানাকে স্ত্রী হিসেবে সরাসরি অস্বীকার করেন গোলাম মাওলা রনি। তিনি দাবি করেন ফারজানা তার স্ত্রী নন বরং তিনি সাতকানিয়ার এক জামায়াত নেতার সাবেক স্ত্রী। সেইসঙ্গে ওই নারী সাংবাদিক ইলিয়াস হোসাইনের আপনজন বলেও পোস্টে উল্লেখ করেন একসময়ের আওয়ামী নেতা গোলাম মওলা।
রনির এই দাবির বিপরীতে ভিন্ন তথ্য দিচ্ছে এনসিপি। দলটির এক নেতার দাবি ফারজানা আফরোজ গোলাম মাওলা রনির দ্বিতীয় স্ত্রী। দীর্ঘদিন তাদের মধ্যে টানাপোড়েন চললেও আনুষ্ঠানিকভাবে এখনও বিবাহবিচ্ছেদ হয়নি। ফারজানাও নিজেকে রনির স্ত্রী হিসেবেই দাবি করে আসছেন।
কল রেকর্ডিংয়ের ভিডিও
এই টানাপোড়েনের মধ্যেই বিষয়টি নতুন মোড় নেয় অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি আগের ভিডিও সামনে আসায়। সেখানে প্রকাশ্যে আনা হয় গোলাম মাওলা রনি ও ফারজানা আফরোজের ফোনালাপের একটি কল রেকর্ডিং। যেখানে আইনগতভাবে দাম্পত্য সম্পর্ক চলমান থাকা সত্ত্বেও স্বামী রনি যোগাযোগ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্ত্রী ফারজানা। আলোচিত ওই ভিডিওতে রনির কথপোকথন থেকেই মূলত জানা যায় ফারজানা তার স্ত্রী।
ফারজানার অভিযোগ
এদিকে ফারজানা আফরোজের অভিযোগ গোলাম মাওলা রনি তাকে বারবার বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। শুরুতে রাজি না হলেও পরবর্তীতে ধর্মীয় অজুহাত দেখিয়ে তাকে রাজি করান রনি। এরপর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়।
তবে বিয়ের পরেই শুরু হয় নাটকীয় সব ঘটনা। ফারজানার দাবি বিয়ের পর তাকে পারিবারিক ও সামাজিক স্বীকৃতি দেননি রনি। এমনকি একদিন অফিসে দেখা করতে গেলে পুলিশ ডেকে তাকে বের করে দেয়া হয়। সে সময় পুলিশকে রনি নাকি জানিয়েছিলেন সম্মোহিত বা হিপনোটাইজ হয়ে তিনি এই বিয়ে করেছিলেন।
এছাড়াও অভিযোগ রয়েছে রনি মূলত সম্পদের লোভে তাকে বিয়ে করেছিলেন। তবে কাঙ্ক্ষিত সম্পত্তি না পাওয়ার বিষয়টি স্পষ্ট হতেই তিনি তার স্ত্রীকে এড়িয়ে চলেন।
সব মিলিয়ে সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম মওলা রনি ও ফারজানা আফরোজের ব্যক্তিগত সম্পর্ক গোপন কল রেকর্ড এবং এনসিপিতে যোগ দেয়া সব কিছু নিয়েই এখন দেশজুড়ে বইছে আলোচনার ঝড়।
আরও পড়ুন:







