রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মো. এনামুল নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
৭০ থেকে ৮০ মোটরসাইকেলের বহর থেকে হামলা
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মোটরসাইকেল মিছিল থেকে আর্মি গলফ ক্লাবের সামনে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির চালক কনস্টেবল এনামুল আহত হন। পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর জয় বাংলা স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে ক্যান্টনমেন্ট থানা পুলিশের গলফ ক্লাব-৮৩ নামের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে গাড়ির চালক কনস্টেবল এনামুলের বাম চোখে আঘাত লাগে।
চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চলছে কনস্টেবলের চিকিৎসা
আহত এনামুলকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
ভিডিওতে মিছিলের নেতৃত্ব দেওয়ার দাবি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নির্দেশনায় মিছিলটি বের করা হয়। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা শুরু হলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন:







