সোমবার

২ নভেম্বর, ২০২৬ ১৮ কার্তিক, ১৪৩৩

মনসুর আলীর কবরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার আওয়ামী লীগের ৭ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬ ২০:১৪

শেয়ার

মনসুর আলীর কবরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার আওয়ামী লীগের ৭ নেতাকর্মী
ছবি সংগৃহীত

ঢাকার বনানী কবরস্থানে জাতীয় নেতা এম মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিনে সিরাজগঞ্জের সদর, বেলকুচি ও তাড়াশ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার ভোরে বনানী কবরস্থান থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন।

ফেসবুকে ছবি প্রচারের পরিকল্পনার অভিযোগ

ওসি মো. সালাউদ্দিন জানান, রবিবার ভোরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বনানী কবরস্থানে এম মনসুর আলীর কবরে ফুল দিতে আসেন। ফুল দেওয়ার পর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ এবং ব্যানার তৈরি করে প্রচারের পরিকল্পনা ছিল তাদের। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জের কাজিপুর থানায় দুই থেকে তিনটি মামলা তদন্তাধীন রয়েছে।

ঢাকায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান (৪৭), খাসরাজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হাসান (৪৫), মনসুরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাছিম উদ্দিন (২৪), মাইজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান (২৬), সালাহউদ্দিন ওরফে সাগর মিয়া (২০), মিলন মিয়া (২৯) ও মোন্নাফ মিয়া (৪৫)।

সিরাজগঞ্জে আরও ছয় নেতাকর্মী গ্রেপ্তার

অন্যদিকে, রবিবার ভোর থেকে রাত পর্যন্ত সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম (৩৭), বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, তাড়াশ উপজেলার আব্দুল আলিম সরকার (৪৮), সম্রাট কুমার সরকার (৩৮), আরিফ হোসেন (৩২) ও লুৎফর রহমান (৩২)।

তাড়াশ থানার ওসি ইমাম জাফর জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে সমবেত হয়ে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়ার চেষ্টাকালে চারজনকে আটক করা হয়।

সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, খোকসাবাড়ি এলাকায় গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালিয়ে ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

বেলকুচি থানার ওসি মো. মোক্তারুজ্জামান জানান, সোমবার দুপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা রমজান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নাশকতা মামলার আসামি।