সোমবার

২ নভেম্বর, ২০২৬ ১৮ কার্তিক, ১৪৩৩

বিএনপি-আওয়ামী লীগও জোটে নিতে চেয়েছিল, লোভ করিনি: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬ ০৭:৫৩

শেয়ার

বিএনপি-আওয়ামী লীগও জোটে নিতে চেয়েছিল, লোভ করিনি: চরমোনাই পীর
ছবি সংগৃহীত

বিএনপি ও আওয়ামী লীগ সংসদীয় আসন এবং মন্ত্রিত্বের প্রস্তাব দিয়ে তাদের জোটে যুক্ত হতে বলেছিল বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, ক্ষমতার লোভে নয়, দেশ, ইসলাম ও মানুষের কল্যাণের লক্ষ্য নিয়ে রাজনীতি করে তার দল।

রবিবার (১ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্ষমতার লোভে রাজনীতি নয়

মুফতি রেজাউল করীম বলেন, ২০-৩০টি সংসদীয় আসন কিংবা এক-দুটি মন্ত্রিত্বের প্রয়োজন হলে এবং তাদের লোভ থাকলে জামায়াতের সঙ্গে থেকে কেন সংসদ সদস্য হতে হবে? বিএনপি তাদের এমন প্রস্তাব দিয়েছিল, আওয়ামী লীগও দিয়েছিল। তবে তারা সেই প্রস্তাবে আগ্রহী হননি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, নির্ভেজাল সত্যের পথে থেকে দেশ ও ইসলামকে রক্ষা করা এবং মানুষের কল্যাণ নিশ্চিত করাই তাদের রাজনীতির লক্ষ্য।

সাড়ে ২২ লাখের বেশি ভোট পাওয়ার দাবি

জাতীয় নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রসঙ্গ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়ার পর কঠিন পরিস্থিতিতেও দলটির বাক্সে সাড়ে ২২ লাখের বেশি ভোট পড়েছে। এমন ফল হবে, তা তিনি নিজেও কল্পনা করেননি।

তিনি আরও বলেন, নির্বাচনে প্রত্যাশিত ফল না এলেও তারা হতাশ হননি বা হাল ছাড়েননি। পরাজয় কিংবা ভরাডুবি স্বাভাবিক বিষয় হলেও আল্লাহর রহমতে তারা রাজনৈতিক লক্ষ্য থেকে সরে যাননি।

মুফতি রেজাউল করীমের দাবি, জাতীয় নির্বাচন-২০২৬-এর পর ইসলামের নামে রাজনীতি করা দলগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে থাকার দাবি করার মতো অবস্থানে আর কেউ নেই। নির্ভেজাল ইসলামের আদর্শের রাজনীতি করতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার

ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ তুলে দলটির আমির বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ইশতেহার প্রকাশ করলেও তাদের দল ইসলাম ও শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার স্পষ্টভাবে তুলে ধরেছে।

জাতীয় টেলিভিশনে নির্বাচনী ইশতেহার প্রকাশের সময় আল্লাহ ক্ষমতায় নিলে ইসলাম ও শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনার অঙ্গীকার করা হয়েছিল বলে জানান তিনি।

ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভীতি ও ভুল ধারণা রয়েছে উল্লেখ করে রেজাউল করীম বলেন, অনেকেই ইসলাম শব্দ শুনলে শিহরিত হন। তাঁদের কাছে ইসলাম বাঘ বা ভালুকের মতো ভীতিকর কিছু বলে মনে হয়। অথচ ইসলাম একটি আদর্শ।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার নেতাকর্মী এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন।