রবিবার

১ নভেম্বর, ২০২৬ ১৭ কার্তিক, ১৪৩৩

ঢাবির হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক আটক

আরিফ জাওয়াদ, ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬ ২৩:০৪

শেয়ার

ঢাবির হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক আটক
ছবি: বাংলা এডিশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে কার্যক্রম নিষিদ্ধ থাকা ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম অর্ক রায়। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রবিবার (১ নভেম্বর) বিকেলে হলটির ক্যান্টিনে খেতে এলে ছাত্রদলের নেতা-কর্মীরা আটক করে। পরে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে শাহবাগ থানা-পুলিশে সোপর্দ করেন।

এ দিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‎জগন্নাথ হলে এলে অর্ককে আটক করে ছাত্রদলের নেতা-কর্মীরা। আটকের পর অর্ক সাহার হাতে ‘আপা আপনি ডিসেম্বরে আইসেন না’ লেখা একটি ব্যানার ধরিয়ে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় ‘আপা আপা করিস না, আপা কিন্তু আইবো না’, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’ এবং ‘পিঠের চামড়া থাকবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ছাত্রদলের নেতা-কর্মীদের।

জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদল প্যানেল থেকে ডাকসু নির্বাচনে হল সংসদের নির্বাচিত সদস্য ধ্রুব রায় জানান, কিছুদিন ধরে অর্ক সাহার জগন্নাথ হলে যাতায়াত লক্ষ্য করছিলেন তাঁরা। তাঁর আচরণ ও কর্মকাণ্ড তাঁদের কাছে সন্দেহজনক মনে হয়।

‎ধ্রুব রায়ের অভিযোগ, অর্ক সাহা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নিয়মিত পোস্ট দিতেন। পাশাপাশি জগন্নাথ হলের নিষ্ক্রিয় ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনা করছিলেন বলে তাদের সন্দেহ হয়।

পুলিশে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, ‘আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার বিষয়টি এখন সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ দেখবে।’

সার্বিক বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ করেননি।