বিদেশে বিএনপির কোনো প্রভু নেই যে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে।
রবিবার (১ নভেম্বর) রাজধানীর কোর্ট হাউজ স্ট্রিট এলাকার ঢাকা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, একদিকে পরাজিত শক্তি, অন্যদিকে আরেকটি পক্ষ পরাজিতদের সঙ্গে একত্রিত হয়েছে। তবে বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে চলবে। তাদের পালানোর সুযোগ নেই, কারণ বিদেশে তাদের আশ্রয় দেওয়ার মতো কোনো প্রভু নেই। তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে।
বিগত সরকারের সমালোচনা
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার অন্ধকারাচ্ছন্ন শাসনামলে আইন প্রাঙ্গণে কিছুটা আশ্রয় পেয়েছিল বিএনপি। ১৭ বছর ধরে আদালতপাড়ার আইনজীবীদের সম্মিলিত প্রতিবাদই তাদের সহায় ছিল। তবে ম্যাজিস্ট্রেট ও বিচারকরা শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ ছিলেন বলে মন্তব্য করেন তিনি। পিপি কাজল খালেদা জিয়ার সামনে বেয়াদবের মতো বসে থাকতেন বলেও অভিযোগ করেন রিজভী।
সমমনা দলগুলোর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, বর্তমানে যারা বিরোধী দলের রাজনীতি করছেন, তাঁদের ভূমিকা বিস্ময়কর। তাঁরা নানা উসকানিমূলক কথা বলছেন। সংস্কারের কথা বলে তাঁরা কী বোঝাতে চাইছেন, তা স্পষ্ট নয়। জামায়াতের আমির আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে বলে মন্তব্য করেছেন। অথচ তাঁদের রাজনীতি আত্মসমর্পণ এবং স্বৈরশক্তির কাছে নতজানু হওয়ার ইতিহাস বলে দাবি করেন রিজভী।
সাত দফা ও জুলাই সনদ নিয়ে বক্তব্য
দাবি আদায়ের কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, সাত দফা না মানলে এক দফার ভয় কাকে দেখানো হচ্ছে? রাজপথ কারও পৈতৃক সম্পত্তি নয়। ১৭ বছর ধরে বিএনপি নিরবচ্ছিন্ন সংগ্রাম করেছে, এখন দলটি হাত গুটিয়ে বসে থাকবে না।
তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় মানতে বিএনপির কোনো অস্বীকৃতি নেই। তবে নোট অব ডিসেন্টের বিষয়গুলোর সমাধান সংসদীয় আলোচনার মাধ্যমেই হতে হবে, লংমার্চের মাধ্যমে নয়।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে রিজভী বলেন, নানা চক্রান্ত ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে সরকার পরিচালিত হচ্ছে। তারেক রহমান দেশকে নিজের পায়ে দাঁড় করানোর উদ্যোগ নিয়েছেন। অথচ এসব উদ্যোগ অগ্রাহ্য করে গার্মেন্টস আন্দোলনের নামে যুবলীগ ও ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন:







