রবিবার

১ নভেম্বর, ২০২৬ ১৭ কার্তিক, ১৪৩৩

লংমার্চ শেষে সংসদে সরকারের সাফাই গাইবেন জামায়াত আমির: আব্দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬ ০৮:০০

শেয়ার

লংমার্চ শেষে সংসদে সরকারের সাফাই গাইবেন জামায়াত আমির: আব্দুল কাদের
ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, জামায়াতে ইসলামীর লংমার্চ কর্মসূচি শেষে দলটির আমির সংসদে দাঁড়িয়ে সরকারের পক্ষে সাফাই গাইবেন। কর্মসূচি ঘিরে ভোগান্তি, দুর্ঘটনায় প্রাণহানি ও নেতাকর্মীদের আহত হওয়ার প্রসঙ্গ তুলে তিনি লংমার্চের সমালোচনা করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন আব্দুল কাদের।

লংমার্চে ভোগান্তি ও প্রাণহানির সমালোচনা

পোস্টে আব্দুল কাদের দাবি করেন, জামায়াতের লংমার্চে বাস দুর্ঘটনায় একজন পথচারী নিহত হয়েছেন। দলটির অনেক নেতাকর্মীও গুরুতর আহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। যান চলাচল বন্ধ রেখে কর্মসূচি পালন করায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও লেখেন, কর্মসূচিতে অংশ নেওয়া অনেককে কৌশল হিসেবে বারবার পাঞ্জাবি পরিবর্তন করতে এবং হেলমেট ব্যবহার করতে দেখা গেছে। এত আয়োজন, ভোগান্তি ও প্রাণহানির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বিকল্প কর্মসূচির পরামর্শ

আব্দুল কাদেরের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে কিংবা আগামী স্থানীয় নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও তাঁদের সক্রিয় করতে চাইলে জামায়াত দলীয় ব্যানারে ভিন্ন নামে কর্মসূচি নিতে পারে। এতে লংমার্চের মতো কর্মসূচি নিয়ে বিতর্ক, জনভোগান্তি ও প্রাণহানি এড়ানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি আরও লেখেন, সরকারের সঙ্গে বিভিন্ন দেনদরবারে জামায়াত কিছুটা চাপে পড়লে ছুটির দিনে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি দিয়ে তা সামাল দিতে পারে। বিষয়টি জামায়াতের আমিরকে বিবেচনায় রাখার আহ্বান জানান তিনি।