কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি বাজারে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত তিনজনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে উভয় পক্ষের দাবি। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে লালমাই উপজেলার হরিশ্চরে আয়োজিত র্যালি ও সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ভুশ্চি বাজারে স্বেচ্ছাসেবক দলের কর্মী আলমগীর হোসেনকে মারধরের অভিযোগ ওঠে মনিরুল হক চৌধুরীর অনুসারীদের বিরুদ্ধে। এ খবর ছড়িয়ে পড়লে মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
ফেরার পথে আবারও সংঘর্ষ
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় হরিশ্চরের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে ভুশ্চি বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত অন্তত ১০ জন, হাসপাতালে নেওয়া হয়েছে
সংঘর্ষে মনিরুল হক চৌধুরীর অনুসারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ উদ্দিন ও শামীম ইকবাল এবং মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী যুবদল কর্মী মো. মামুন ও সাদ্দাম হোসেন আহত হয়েছেন। এ ছাড়া কলমিয়া এলাকার এক যুবক পথচারীও আহত হয়েছেন বলে জানা গেছে।
উভয় পক্ষের দাবি, সংঘর্ষে গুরুতর আহত তিনজনসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা
খবর পেয়ে লালমাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
আরও পড়ুন:







