আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে নিজেদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর শাহবাগে আয়োজিত এক গণবিক্ষোভ কর্মসূচি থেকে আনুষ্ঠানিকভাবে এ দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে লড়বেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে দলটির অন্য এক শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী।
শুক্রবার রাজধানীর শাহবাগে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে চার দফা দাবিতে গণবিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশ থেকেই মেয়র পদে এই দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘ঢাকা মহানগরীর সাধারণ মানুষ আজ গ্যাস, বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সন্ত্রাস-দখলদারিত্বের কবলে পড়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। নগরবাসীকে এই অচলাবস্থা ও জুলুম থেকে মুক্তি দিতে জাতীয় নাগরিক পার্টি গণঅভ্যুত্থানের দুই কান্ডারিকে ঢাকাবাসীর হাতে তুলে দিচ্ছে।’
আরও পড়ুন:







