২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন দলটির নেতারা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এনায়েতপুর থানা সদর থেকে জামায়াতের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি
এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন থানা সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন ও সহকারী সেক্রেটারি শেখ মো. আইয়ুব আলী।
সমাবেশে জামায়াত নেতারা ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান। তাঁদের অভিযোগ, সেদিন প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা হয়েছিল, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক ঘটনা।
বক্তারা ওই ঘটনায় জড়িত ব্যক্তি ও হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
আরও পড়ুন:







