সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে পুলিশের গাড়ির সামনেই বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে বুধবার (২৮ অক্টোবর) ভোরে কামারখন্দ উপজেলার শহীদনগর বাগবাড়ি এলাকায় এ মিছিল করেন তারা।
মিছিলের ছবি ও ভিডিও ইতোমধ্যে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফেসবুক অ্যাকাউন্টে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও মিছিলের ছবি পোস্ট করা হয়েছে।
ভিডিওতে বিভিন্ন স্লোগান
ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হকের সমর্থকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হই হই রই রই, বিএনপি গেলি কই এবং হই হই রই রই, জামায়াত-শিবির গেলি কই স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওতে দেখা যায়, মিছিল চলাকালে সড়কের পাশ দিয়ে পুলিশের একটি গাড়ি যাচ্ছিল। এ সময় মিছিলে অংশ নেওয়া কয়েকজনকে চিৎকার করে বলতে শোনা যায়, কেউ কাছে আসবি না, কেউ সামনে আসবি না।
পুলিশের বক্তব্য পাওয়া যায়নি
এ বিষয়ে জানতে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
কামারখন্দ থানার ওসি হাসমত আলি বলেন, মিছিলটি কামারখন্দ থানা এলাকায় হলেও মহাসড়কটি যমুনা সেতু পশ্চিম থানার আওতাধীন।
এ বিষয়ে জানতে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনিও ফোন ধরেননি।
আরও পড়ুন:





.jpg)

