জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সুস্পষ্ট প্রস্তাবনা দেওয়া হবে। সেই প্রস্তাবনার ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচন হতে হবে।
বুধবার রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে এনসিপির অঞ্চলভিত্তিক সমন্বয় সভার আগে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন দলীয়করণ হয়েছে। সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলে কয়েকশ মানুষ হতাহত হয়েছেন।
গণভোটের রায় বাস্তবায়ন হয়নি
দেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সাধারণ মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে দেশ কোন দিকে যাচ্ছে, তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে। গণঅভ্যুত্থানের পর এমন পরিস্থিতি হওয়ার কথা ছিল না।
তিনি বলেন, নির্বাচনের পর সংসদ গঠন ও গণভোট অনুষ্ঠিত হলেও গণভোটের রায় বাস্তবায়ন করে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা ছিল সরকারের। কিন্তু তা হয়নি।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কিছু উদ্যোগ নেওয়া হলেও প্রয়োজনীয় সময় পাওয়া যায়নি। বর্তমান সরকারের সেই কাজ করার কথা ছিল। কিন্তু সরকার পুরোনো কায়দায় পুলিশকে ব্যবহার করছে।
নাহিদ ইসলামের অভিযোগ, বিরোধী দলকে দমন করা এবং সরকারের সমালোচকদের গ্রেপ্তার করাকে পুলিশ নিজেদের জন্য সুবিধাজনক মনে করছে। সরকারের সমালোচনা করায় এ পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কর্তৃত্ববাদের দিকে যাচ্ছে সরকার
সরকারের ভূমিকার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, এই সরকারের ফ্যাসিবাদী হওয়ার সামর্থ্য নেই। তবে তারা কর্তৃত্ববাদের দিকে যাচ্ছে। আগের পরিস্থিতির তুলনায় কোনো পরিবর্তন আসেনি বলেও মন্তব্য করেন তিনি।
সমন্বয় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল উপস্থিত ছিলেন।
এনসিপির উদ্যোগে আয়োজিত এ সভায় ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার দলটির সংশ্লিষ্ট ইউনিটের প্রতিনিধিরা অংশ নেন।
আরও পড়ুন:


.jpg)




