কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আবারও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পোস্টারিংয়ের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ‘প্রত্যাবর্তন ২.০’ স্লোগ সংবলিত পোস্টার লাগানো হলেও এ বিষয়ে কিছুই জানে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার ভোরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, নারী শিক্ষার্থীদের আবাসিক হল সুনীতি-শান্তি হল, কাজী নজরুল ইসলাম হলসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব পোস্টার দেখা যায়।
পোস্টারগুলোতে লেখা ছিল, ‘প্রত্যাবর্তন ২.০ লোডিং’, ‘তোমার অপেক্ষায় বাংলাদেশ’ এবং ‘শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০’।
জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আমিনুর বিশ্বাস ও সাধারণ সম্পাদক পার্থ সরকারের নেতৃত্বে এসব পোস্টার লাগানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, “আমি এখনো এ বিষয়ে অবগত নই। বিকেলে প্রক্টরিয়াল বডির একটি মিটিং রয়েছে। সেখানে বিষয়টি উত্থাপন করা হবে।”
উল্লেখ্য, এর আগেও গত ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টারিংয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এবং ছাত্রশিবির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিচারের দাবি জানিয়েছিল। প্রায় আড়াই মাসের ব্যবধানে আবারও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছাত্রলীগের পোস্টারিংয়ের ঘটনা ঘটল।
আরও পড়ুন:


.jpg)




