বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য লংমার্চের সমাপনী সমাবেশ ও প্রশাসন কর্তৃক ভেন্যু পরিবর্তন-সংক্রান্ত জটিলতার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২৭ অক্টোবর, বেলা ৩টায় কুষ্টিয়া জেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর এমপি বলেন, গণভোটের গণরায় কার্যকর, গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ১৮ কোটি মানুষের স্বার্থসংশ্লিষ্ট ৭ দফা দাবিতে দেশব্যাপী লংমার্চ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর সফল করার পর আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা হয়ে কুষ্টিয়ায় এসে এই লংমার্চের সমাপনী ঘটবে। সে উদ্দেশ্যে জেলা জামায়াতের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
তিনি ভেন্যু জটিলতার প্রসঙ্গ তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, “সমাবেশের জন্য আমরা প্রথমে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠের জন্য আবেদন করলে জেলা প্রশাসন থেকে জানানো হয়, স্টেডিয়াম রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। পরবর্তীতে আমরা জেলা স্কুল মাঠের অনুমতির জন্য আবেদন করি। এর পরিপ্রেক্ষিতে ডিসি এবং খুলনা বিভাগীয় কমিশনারের মৌখিক অনুমতিতে আমরা পোস্টার, ব্যানার, লিফলেটসহ সার্বিক প্রচারের কাজ প্রায় শেষ করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গতকাল জেলা প্রশাসন হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি চিঠি পাঠিয়ে জেলা স্কুল মাঠের অনুমতির পরিবর্তে স্টেডিয়ামে সমাবেশ করার নির্দেশ দেয়।”
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রশাসন কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক চিন্তাধারায় প্রভাবিত হয়ে এই পক্ষপাতমূলক ও হঠকারী সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। অনুমতিপত্রের অনুলিপি অনুমোদিত ব্যক্তি ও অন্যান্য দলীয় নেতাদের কাছে পাঠানোর আইনি যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত নেতারা। তাঁরা জেলা প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতারা দৃঢ়ভাবে ঘোষণা দেন যে, সব ধরনের বাধা উপেক্ষা করে ৩১ অক্টোবর কুষ্টিয়ায় লংমার্চের একটি ঐতিহাসিক ও অভূতপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সাধারণ মানুষ তাঁদের ৭ দফা দাবির পক্ষে অবস্থান নিশ্চিত করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারি মো. এনামুল হক, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কুষ্টিয়া পৌরসভার মেয়র প্রার্থী সুজাউদ্দিন জোয়ার্দারসহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুন:







