রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তন না হলে ক্ষমতায় যিনিই আসবেন, তিনিই শেখ হাসিনার মতো হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, শুধু চালক পরিবর্তন করে লাভ নেই, রাষ্ট্র পরিচালনার মূল কাঠামো পরিবর্তন করতে হবে। তা না হলে সবচেয়ে দক্ষ চালক দিয়েও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব নয়।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের কাচারী রয়্যাল পার্টি সেন্টারে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক মতবিনিময় সভার আগে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের দাবি
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছিল। এখনও কোথাও কোথাও সেই প্রবণতা দেখা যাচ্ছে। সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে রাষ্ট্রকাঠামোর মৌলিক পরিবর্তন না আনলে বর্তমান ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আগামী ডিসেম্বরে তাঁর বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। ভারত মূলত বাংলাদেশকে রাজনৈতিক ও ভূরাজনৈতিক চাপে রাখতে আওয়ামী লীগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে দলীয় পরিচয়ের চেয়ে দেশপ্রেমই মুখ্য।
তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে সতর্কবার্তা
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, কেবল নামমাত্র তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেই চলবে না। প্রধান উপদেষ্টা ও পুরো পরিষদ গঠনের প্রক্রিয়া সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে নির্ধারণ করতে হবে।
কোনো একক দল নিজেদের পছন্দের লোক দিয়ে সরকার গঠনের অপচেষ্টা চালালে এনসিপি তা প্রতিহত করবে বলেও জানান তিনি।
৩১ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা
সংবাদ সম্মেলনে আগামী ৩১ অক্টোবর ঢাকার শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন নাহিদ ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
এ ছাড়া মুন্সীগঞ্জের নদী ভরাট, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে স্থানীয়দের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এনসিপির আহ্বায়ক।
সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







