শুক্রবার

২৩ অক্টোবর, ২০২৬ ৮ কার্তিক, ১৪৩৩

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ নাকচ ১১ দলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ১৬:৩০

শেয়ার

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ নাকচ ১১ দলের
ছবি সংগৃহীত

ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেই বিএনপি নির্বাচনে জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে ১১ দলীয় ঐক্যের যোগাযোগের অভিযোগ নাকচ করেছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। ছয়টি পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। লংমার্চ শান্তিপূর্ণ ও জনবান্ধব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠনের মাধ্যমে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নির্বাচনে কারচুপির চেষ্টা হলে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা।

এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধি, মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন হামিদুর রহমান আযাদ। পাশাপাশি নিয়োগ ও বদলিতে দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।