মঙ্গলবার

২০ অক্টোবর, ২০২৬ ৫ কার্তিক, ১৪৩৩

যুবলীগের কমিটিতে নাম, সংবাদ সম্মেলনে অস্বীকার ইসলামী আন্দোলন নেতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬ ২২:৩৭

শেয়ার

যুবলীগের কমিটিতে নাম, সংবাদ সম্মেলনে অস্বীকার ইসলামী আন্দোলন নেতার
ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ফরিদপুরের সালথা উপজেলা শাখার সদ্যঘোষিত কমিটিতে ধর্মবিষয়ক সম্পাদক পদে নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন শাখার সভাপতি এস এম মঞ্জুরুল ইসলাম। ওই কমিটির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে মঙ্গলবার দুপুরে সালথা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে এস এম মঞ্জুরুল ইসলাম বলেন, সদ্যঘোষিত সালথা উপজেলা যুবলীগের কমিটিতে ধর্মবিষয়ক সম্পাদক পদে তাঁর নাম উল্লেখ করা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি কখনোই ওই পদ গ্রহণ করেননি এবং এ বিষয়ে কারও সঙ্গে কোনো ধরনের আলোচনাও হয়নি।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গসংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে অতীতে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না, ভবিষ্যতেও থাকবে না।

এস এম মঞ্জুরুল ইসলাম আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে আদর্শিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। জীবনের শেষ দিন পর্যন্ত এই দলের আদর্শের সঙ্গে পথ চলতে চান তিনি।

যুবলীগের কমিটিতে তাঁর নাম অন্তর্ভুক্ত করার মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কমিটিতে তাঁর নাম ভুলবশত বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।