মঙ্গলবার

২০ অক্টোবর, ২০২৬ ৫ কার্তিক, ১৪৩৩

সরকারের অযৌক্তিক সমালোচনায় ব্যস্ত একটি রাজনৈতিক দল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬ ১৮:১৯

আপডেট: ২০ অক্টোবর, ২০২৬ ১৮:২৭

শেয়ার

সরকারের অযৌক্তিক সমালোচনায় ব্যস্ত একটি রাজনৈতিক দল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি সংগৃহীত

দেশের একটি রাজনৈতিক দল সরকার ও অন্যদের অযৌক্তিক সমালোচনায় ব্যস্ত থাকে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিভক্তি ও অপপ্রচার সৃষ্টিকারী এসব অপরাজনীতি সামাজিকভাবে বর্জন এবং ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থসহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী। সেখানে দেশের রাজনীতি নিয়ে তিনি এসব মন্তব্য করেন বলে তাঁর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মাদক কারবারিদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেন, ইতোমধ্যে বহু অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো সময়ের চেয়ে ভালো রাখতে অভিযান অব্যাহত থাকবে।

সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করার আহ্বান

রাজনীতির ধরন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগের দিনের সেই হট্টগোল আর নেতাদের পেছনে ঘুরে নেতা হওয়ার রাজনীতির কবর রচনা করা হয়েছে। রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে মন জয় করতে হবে।

শিক্ষা ও স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্য

শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, সরকার দেশের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও মানোন্নয়নে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।