মঙ্গলবার

২০ অক্টোবর, ২০২৬ ৫ কার্তিক, ১৪৩৩

ইউপি নির্বাচনে দলের সঙ্গে মুনাফেকি করলে ক্ষমা নয়: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬ ১৪:০৫

শেয়ার

ইউপি নির্বাচনে দলের সঙ্গে মুনাফেকি করলে ক্ষমা নয়: আইনমন্ত্রী
ছবি সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে নেতাকর্মীদের কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তিনি দল থেকে ছিটকে পড়বেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ফর্মুলা দেবেন, কীভাবে কাজ করতে হবে। দলের মধ্যে যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাঁদের ক্ষমা করবেন না।

তিনি বলেন, প্রত্যেক ইউনিয়নের একটি করে রিপোর্ট প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। দল এমন প্রার্থী চায়, যিনি নির্বাচনে জয়ী হতে পারবেন। তাঁর ভাষায়, দল নির্বাচনে জয়ী না হলে তাঁর মতো বড় নেতা দিয়ে কী হবে। বিএনপি ক্ষমতায় না এলে তিনি যত বড় নেতা বা ভালো মানুষই হোন না কেন, তাতে কিছুই যেত-আসত না।

আইনমন্ত্রী আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমন প্রার্থী দিতে হবে, যাঁরা বিজয়ী হয়ে আসবেন। নিজের পছন্দের প্রার্থী মনোনয়ন পেলেও তিনি নির্বাচনে জয়ী হতে না পারলে হবে না।

তিনি বলেন, দল তাঁর কাছে সবচেয়ে বড় আমানত। কেউ দলের সঙ্গে বেইমানি করলে, দলের ঊর্ধ্বে উঠে বিকল্প কিছু করলে তাঁকে ধরার অধিকার তাঁরও রয়েছে।

মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।