দীর্ঘ ১৭ বছর প্রতিকূল পরিস্থিতি ও প্রবাসজীবনের মধ্যেও তারেক রহমান দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে থেকেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কবর জিয়ারতের আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন জাতীয় পর্যায় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কার্যক্রম পরিচালনা করতে পেরেছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও শীতের প্রকোপসহ প্রতিটি জাতীয় সংকটে প্রবাসে থেকেও তিনি নিয়মিত নির্দেশনা দিয়েছেন এবং মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনের কঠিন সময়েও সংগঠনটি তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে অনলাইনে সায়েন্স এক্সিবিশনসহ বিভিন্ন ব্যতিক্রমী কর্মসূচি পরিচালনা করেছে।
এ ছাড়া দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ এবং চিকিৎসাসহায়তা দেওয়ার মাধ্যমে তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সংগঠনটি নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খান এবং দেশের প্রখ্যাত চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







