শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ৩০ আশ্বিন, ১৪৩৩

ছাত্রলীগের মতো আচরণ করলে প্রতিহত করা হবে: জাহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ১৮:৪৩

শেয়ার

ছাত্রলীগের মতো আচরণ করলে প্রতিহত করা হবে: জাহিদুল ইসলাম
ছবি সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের পর কোনো ছাত্রসংগঠন পতিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের মতো আচরণ করতে চাইলে তাদেরও রাজপথে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার তিতুমীর কলেজ শাখার উদ্যোগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তিতুমীর কলেজ ক্যাম্পাসে অনার্স প্রথম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২৬-এ প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি।

বক্তব্যে জাহিদুল ইসলাম আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী ছাত্রসংগঠনগুলোর ত্যাগ এবং জুলাই গণ-অভ্যুত্থানে তাদের ভূমিকার কথা স্মরণ করেন।

তিনি বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। ২০১৫ সালে কারাগারে টানা ছয় মাস বন্দি থাকার সময় ছাত্রদল ও যুবদলের অনেক নেতাকর্মীকে পঙ্গু ও গুরুতর আহত অবস্থায় দেখেছেন তিনি। জুলাই আন্দোলনেও ছাত্রদলের ভূমিকা ছিল উল্লেখ করে তিনি বলেন, সেই ভূমিকার স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের ভালোবাসা হয়।

তবে অভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্রসংগঠনগুলোর আচরণ নিয়ে সতর্ক করে জাহিদুল ইসলাম বলেন, জুলাইয়ের পর কোনো সংগঠন ছাত্রলীগের মতো হয়ে যেতে চাইলে তা গ্রহণ করা হবে না। ছাত্রলীগকে যেভাবে প্রতিহত করা হয়েছে, সেই কৌশল তাদের জানা আছে। ফলে অন্য কোনো সংগঠনের বিরুদ্ধেও একই পদক্ষেপ নিতে তাদের খুব বেশি সমস্যা হবে না।

ক্যাম্পাসে নিয়মিত শিক্ষাজীবন শেষ হওয়ার পরও কিছু ছাত্রসংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিয়েও সমালোচনা করেন সাবেক এই ছাত্রনেতা। তিনি বলেন, চার বা পাঁচ বছরের পড়াশোনা শেষ হলে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়া উচিত। কিন্তু নির্দিষ্ট কিছু ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বছরের পর বছর ক্যাম্পাসে থেকে যাওয়ার সংস্কৃতি গড়ে তুলেছেন। এ সংস্কৃতির পরিবর্তন হওয়া জরুরি।