সোমবার

১২ অক্টোবর, ২০২৬ ২৭ আশ্বিন, ১৪৩৩

শিক্ষক-শিক্ষার্থীদের আপত্তির পরও ভিসি পদ ছাড়ছেন না বিএনপি নেতা: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ১৬:৪৮

শেয়ার

শিক্ষক-শিক্ষার্থীদের আপত্তির পরও ভিসি পদ ছাড়ছেন না বিএনপি নেতা: সাদিক কায়েম
ছবি সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগ ও ক্যাম্পাসে প্রবেশের ঘটনায় সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তিনি অভিযোগ করেছেন, শিক্ষক-শিক্ষার্থীদের আপত্তি সত্ত্বেও উপাচার্য পদে থাকার আগ্রহ ছাড়ছেন না নিয়োগ পাওয়া বিএনপি নেতা।

সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন সাদিক কায়েম। চুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নবনিযুক্ত উপাচার্যের অপসারণ দাবি করেন তিনি।

সাদিক কায়েম বলেন, নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেছে চুয়েটে। শিক্ষার্থী-শিক্ষক কেউ চান না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না নিয়োগ পাওয়া বিএনপি নেতার।

তিনি অভিযোগ করেন, সোমবার সকালে ছাত্রদলের ক্যাডারদের সঙ্গে নিয়ে ‘সাধারণ শিক্ষক’ পরিচয়ে উপাচার্য চোরের মতো ক্যাম্পাসে প্রবেশ করেছেন। তাঁর ভাষায়, এটাই উপাচার্যের বাহাদুরি ও যোগ্যতার নমুনা।

সাদিক কায়েম বলেন, গত আট মাসে নজিরবিহীনভাবে ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে দলীয় নেতাদের নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। এসব নিয়োগে যোগ্যতার বদলে কে কত বেশি আনুগত্য দেখিয়েছেন, তা বিবেচনা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, তখন অবরুদ্ধ উপাচার্যদের উদ্ধার করতে ত্রাণকর্তা হিসেবে আসত ছাত্রলীগ। ক্যাম্পাসে টেন্ডার ও উন্নয়নকাজে ছাত্রলীগ এবং প্রশাসনের মধ্যে ভাগবাটোয়ারার ব্যবসা চলত বলেও অভিযোগ করেন তিনি।

সাদিক কায়েমের অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের জায়গায় এখন ছাত্রদল প্রশাসনের দারোয়ানের ভূমিকা পালন করছে। এ পরিস্থিতিতে উপাচার্যের পদ বিশাল লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

চুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সাদিক কায়েম নবনিযুক্ত উপাচার্যকে অপসারণের দাবি জানান।



আরও পড়ুন: