জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) দলটির চেয়ারম্যানের বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিক্ষোভকারীরা। জুলাই অভ্যুত্থানের শহিদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকেরা অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং জি এম কাদেরের বিচার দাবি করেন।
বিক্ষোভ মিছিলে ব্যবহৃত ব্যানারে কারাগারে বন্দি জি এম কাদেরের প্রতিকৃতি ছিল। এতে জুলাইয়ের শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলে জি এম কাদেরের গ্রেপ্তার দাবি করা হয়। পাশাপাশি ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না বলেও উল্লেখ করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণহানির বিনিময়ে অর্জিত পরিবর্তনের পরও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করে চলছে।
বক্তারা বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি তৎকালীন সরকারকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়ার ভূমিকা পালন করেছিল। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো দোসরকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না বলেও জানান তারা।
বিক্ষোভকারীরা অবিলম্বে জি এম কাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন:







