বিএনপি সরকার ‘লং মার্চে পতিত সরকার ফিরে আসবে’ এমন ন্যারেটিভ তৈরি করে জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করার বাহানা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের হলরুমে আগামী ৩১ অক্টোবর যশোর-কুষ্টিয়া লং মার্চের প্রস্তুতি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। ভয় দেখিয়ে জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করার বাহানা করছে সরকার।”
গণভোট বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের দাবিতে এ লং মার্চের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
লং মার্চের শান্তিপূর্ণ আয়োজনের বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, এর আগে ১১ দলীয় জোটের অধীনে দুটি লং মার্চ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের লং মার্চও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। তবে কর্মসূচির কারণে সাময়িক যাতায়াত ও চলাচলে ভোগান্তি হতে পারে উল্লেখ করে ওই অঞ্চলের ব্যবসায়ী, পথচারীসহ সর্বস্তরের মানুষের কাছে আগাম দুঃখ প্রকাশ করেন তিনি।
কর্মসূচির বিস্তারিত তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্ধারিত দিনে সকাল ৮টায় ঢাকার বায়তুল মোকাররম এলাকায় সংক্ষিপ্ত জনসভার মধ্য দিয়ে লং মার্চ শুরু হবে। এরপর পদ্মা সেতু হয়ে প্রায় এক হাজার গাড়ির বহর নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করা হবে। প্রায় ১২ ঘণ্টার এ দীর্ঘ যাত্রায় গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসূল, সংসদ সদস্য মোক্তার আলী এবং ফরিদপুর, কুষ্টিয়া, শরীয়তপুর ও গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
আরও পড়ুন:







