রবিবার

১১ অক্টোবর, ২০২৬ ২৬ আশ্বিন, ১৪৩৩

জনগণের ভোটে ক্ষমতায় এসেছি, ধাক্কা দিয়ে সরানো যাবে না: আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ২৩:৫৫

শেয়ার

জনগণের ভোটে ক্ষমতায় এসেছি, ধাক্কা দিয়ে সরানো যাবে না: আহমেদ আযম খান
ছবি সংগৃহীত

বিরোধী দল এখনই ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, জনগণের ভোটে ক্ষমতায় এসেছে সরকার। ধাক্কা দিয়ে সরকারকে সরানো যাবে না, একমাত্র জনগণই সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারবে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর কিম্মত আলী গোলাম রব্বান খান উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে আহমেদ আযম খান বলেন, পাঁচ বছর সরকারের পাশে থাকতে হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে। বিরোধী দলের উসকানিতে পা না দিয়ে সরকারের পাশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিরোধী দলের উদ্দেশে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ভালো কাজে সমর্থন দিতে হবে এবং খারাপ কাজের সমালোচনা করতে হবে সংসদে বসে। কিন্তু রাস্তায় নেমে মানুষের ক্ষতি ও অসুবিধা সৃষ্টি করা হচ্ছে কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

তিনি বলেন, সরকার খারাপ কাজ করলে পাঁচ বছর পর জনগণের কাছে জবাবদিহি করতে হবে। ভালো কাজ করলে জনগণ ভোট দেবে। বিরোধী দল বর্তমানে যে কর্মকাণ্ড শুরু করেছে, তাতে আগামী নির্বাচনে তারা পাওয়া আসনগুলোও হারাতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত

আহমেদ আযম খান বলেন, গত সাত মাসে তিনি প্রতি সপ্তাহে বাসাইল ও সখীপুরে আসছেন। সরকারের বরাদ্দ মানুষের মধ্যে বিতরণ করছেন এবং দিনরাত কাজ করছেন। তাঁর কোনো ছুটি বা বিশ্রাম নেই বলেও উল্লেখ করেন তিনি। তাঁর কারণে তাঁর সহধর্মিণী বয়স্ক হয়েও বিশ্রাম নিতে পারেন না বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, দেশের ৩০০ নির্বাচনি এলাকায় মন্ত্রী-এমপিরা দিনরাত কাজ করছেন। এরপরও বিরোধী দল ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, বক্তব্য দিচ্ছে এবং লং মার্চ করছে। দেশে তেলের সংকটের মধ্যে শত শত গাড়িতে তেল ভরে লং মার্চ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, কোথাও কোনো অঘটন ঘটলে সরকার সেখানেই ব্যবস্থা নিচ্ছে। অঘটন থেকে লাভবান হতে না পারলেই বিরোধী দল বিরোধিতা করে এবং বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, জনগণ সরকারকে এক বছরের জন্য ভোট দেয়নি, পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধমন্ত্রীর সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ কে এম মামুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর প্রমুখ।