গণভোট অবৈধ বলে বিবেচিত হলে বিএনপি সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শনিবার দুপুরে হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনে বিএনপি ৫০ শতাংশ ভোট পেয়েছে, আর গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭০ শতাংশ। অথচ সরকার গঠনের পর বিএনপি গণভোটকে অবৈধ বলছে।
তিনি বলেন, “আমরা আন্দোলনে নামতে ছয় মাস সময় নিয়েছি। কিন্তু বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করতে ছয় মিনিটও সময় নেয়নি। গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ। সংবিধান সংস্কার না করলে বিএনপি ইতিহাসের পাতায় গাদ্দার হয়ে থাকবে।”
সমাবেশে মামুনুল হক সংবিধান সংস্কার পরিষদ গঠন, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ বন্ধ করা এবং চাঁদাবাজি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, এসব দাবি বাস্তবায়ন না হলে ধীরে ধীরে আন্দোলন আরও তীব্র করা হবে।
সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি সরকারের প্রতি দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।
আরও পড়ুন:







